শ্রমের খোঁজে শ্রমিকের হাটে
পুব আকাশে লাল আভা ছড়িয়ে সূর্য সবে উঠতে শুরু করেছে। শহর তখনো পুরোপুরি জেগে ওঠেনি। এর মধ্যে শাবল, খুন্তিসহ নানা সরঞ্জাম নিয়ে নগরের চকবাজারে আধুনিক চক সুপার মার্কেটের সামনে শত শত মানুষের জটলা। ফজরের আজানের পর থেকেই সরগরম হয়ে ওঠে এলাকাটি। সাত-সকালে এখানে শ্রমিকেরা জড়ো হতে থাকেন বিক্রি হওয়ার আশায়। ভোর থেকে সকাল নয়টা-১০টা পর্যন্ত জমজমাট থাকে হাট। শুধু শ্রমিকেরা নন, আসেন শ্রমিক কিনতে আসা লোকজনও। চলতে থাকে আট-দশটা পণ্যের মতো দর-কষাকষি। দাম একবার বাড়ে, আরেকবার কমে। একপর্যায়ে বিভিন্ন পণ্যের মতো করে বিক্রি হন এসব শ্রমজীবী মানুষ।৫০-৬০ বছর থেকে শুরু করে বিভিন্ন বয়সের শ্রমিক কাজের সন্ধানে ছুটে আসেন হাটে। স্থানীয়ভাবে শ্রমিকের কাজের ওপর নির্ভর করে তাঁদের ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। যাঁরা ইট, বালুর ভার উত্তোলন করে এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান, তাঁদের বলা হয় ‘ভারী’। ইট ও কাঠের কাজের মূল কারিগররা যথাক্রমে রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রি হিসেবেই পরিচিত। আর এঁদের সহকারীরা স্থানীয় ভাষায় পরিচিত ‘জোয়াইল্লা’ (জোগালি) নামে।চট্টগ্রাম শহরের সবচেয়ে পুরোনো শ্রমিকের হাট হলো চকবাজারের এ হাটটি। সরেজমিনে দেখা গেছে, মূলত বেশির ভাগ আশ্রয়হীন ও ছিন্নমূল লোকজনের ভিড় থাকে চকবাজারের শ্রমিকের হাটে। বাজার চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দৈনন্দিন চাহিদা মেটাতে বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন এসব অভাবী মানুষ। কথা হয় কাজের সন্ধানে আসা রাহাত্তারপুল এলাকার আইয়ুব আলীর সঙ্গে। ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আইয়ুব আলী। গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিনি বলেন, ‘এ এলাকায় শ্রমের দাম বেশি। কাজও বেশি, তাই এখানে আইসা পড়ছি।’কাঠমিস্ত্রি সেকান্দর মিয়া তিন বছর আগে অভাবের তাড়নায় আশ্রয় নেন নগরের শেরশাহ এলাকার ফিরোজ শাহ কলোনিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম বিক্রি করে একজন কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রি দৈনিক ৩৫০-৪৫০ টাকা আর তাঁদের সহকারীরা ২৫০-৩৫০ টাকা রোজগার করেন বলে জানান তিনি। যাঁরা ‘ভারী’, তাঁদের কাজের ওপর নির্ভর করে বেতন নির্ধারণ করা হয়। এদিকে, চকবাজার এলাকা ছাড়াও বর্তমানে নগরের ২ নম্বর গেট এলাকার ষোলশহর সুপার মার্কেটের সামনে ও দেওয়ানহাট সেতুর পাশে মন্দিরের সামনে প্রতিদিন শ্রমিকের হাট বসে। বৌবাজারের নারী শ্রমিকের হাটনগরের বৌবাজার এলাকার শ্রম বিক্রির হাটে নারী শ্রমিকের লাইন দীর্ঘ হচ্ছে। অভাবের তাড়নায় পুুরুষের পাশাপাশি কর্মহীন স্বামী পরিত্যক্ত, বিধবা, দুস্থ ও অসহায় নারীরা এগিয়ে আসছেন দিনমজুরের কাজে। নগরের অন্যান্য শ্রমিকের হাটে নারী শ্রমিক থাকলেও এ হাটে নারী শ্রমিকের পরিমাণ বেশি। প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা-নয়টা পর্যন্ত চলে এ হাটের বেচাকেনা। এখানকার নারী শ্রমিকেরা মাটি কাটাসহ রাজমিস্ত্রিদের সহকারী হিসেবে কাজ করেন। তবে একজন পুরুষের তুলনায় নারী শ্রমিকের দৈনিক আয় অনেক কম। সাবিহা বেগম নামের এক নারী শ্রমিক জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তাঁরা উপার্জন করেন মাত্র ১৫০-২০০ টাকা, যেখানে একজন পুরুষ শ্রমিক উপার্জন করেন ২৫০-৩৫০ টাকা। শ্রম বিক্রি করতে আসা নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘এক দিন কাজ পেলে তিন দিন বসে থাকতে হয়। যাদের ভাগ্য ভালো শুধু তারাই প্রতিদিন কাজ পায়।’ কাজীর দেউড়ির টাইলস শ্রমিকের হাটনগরের অন্যান্য শ্রমিকের হাটের তুলনায় কাজীর দেউড়ির শ্রমিকের হাট একটু ব্যতিক্রম। অন্যান্য হাট যেখানে বসে সকালে, সেখানে এ শ্রমিকের হাট বসে সন্ধ্যার পর। রয়েছে আরেকটি ভিন্নতা। এ হাটে বিক্রি হয় টাইলস ও মোজাইকের শ্রমিক। কাজীর দেউড়ি মোড়ের সোয়াজা হোটেলের সামনের ফুটপাত থেকে কাজী বাড়ি লেনের মুখের ফুটপাত পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিকিকিনি হয় টাইলস শ্রমিক। হাটে কথা হয় টাইলস মিস্ত্রি হান্নান ইউসুফের সঙ্গে। তিনি বলেন, ‘চুক্তিতে কাজ নেওয়ার পর প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল নিয়ে কাজ করে আসি আমরা।’