শ্রাবণে কবিতায় আবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমার অনুষ্ঠানে আবৃত্তি করে খুদে শিল্পীরা
প্রমার অনুষ্ঠানে আবৃত্তি করে খুদে শিল্পীরা

প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘শ্রাবণে কবিতার আড্ডা’ শিরোনামে সম্প্রতি আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হয়। আবৃত্তি, কবিতা পাঠ ও গান মিলিয়ে জমজমাট এক আসর উপহার পায় দর্শক।
বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই প্রমার সভাপতি রাশেদ হাসান ফরাসি কবি শার্ল বোদলেয়ারের ‘অচেনা মানুষ’ কবিতা আবৃত্তি করে মুগ্ধতার আবেশ ছড়ান।
শ্রাবণে কবিতার আড্ডা বলে কথা। তাই বর্ষার কবিতা দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য কবিতা ছিল রবীন্দ্রনাথের ‘বর্ষার দিনে’ ও ‘কৃষ্ণকলি’, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘একবার বৃষ্টি হোক’, নির্মলেন্দু গুুণের ‘বৃষ্টির বিরুদ্ধে’, মহাদেব সাহার ‘না রোদ না বৃষ্টি’, শুভ দাশগুপ্তের ‘বৃষ্টি এখন’, রামচন্দ্র পালের ‘বর্ষা রাতে’। এ ছাড়া অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বর্ষার প্রকৃতির তুলে ধরা হয়।
‘ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে’ শিরোনামে প্রমার সদস্যদের দলীয় আবৃত্তি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এই পরিবেশনার নির্দেশনা ও গ্রন্থনায় ছিলেন রাশেদ হাসান। শর্মিষ্ঠা বড়ুয়ার গ্রন্থনা ও নির্দেশনায় ‘মাদল বাজে বাদল মেঘে’ শিরোনামে শিশুদের দলীয় আবৃত্তি মন ছঁুয়ে যায় দর্শকদের।
আবৃত্তির পাশাপাশি ছিল স্বরচিত কবিতা পাঠ। কবিতা পাঠ করেন কবি ওমর কায়সার, কামরুল হাসান বাদল, জিন্নাহ চৌধুরী ও মুনিরুল মনির।
কবিতার রেশ তখনো কাটেনি। এর মধ্যে সংগীতের ডালি নিয়ে মঞ্চে আসে রক্তকরবী। রক্তকরবীর শিল্পী শ্রাবন্তী ধর ও সোমা রায় একক সংগীত পরিবেশন করেন।
এরপর আবারও কবিতার স্রোতে ভাসার পালা। একে একে কবিতা পাঠ করেন কংকন দাশ, বিশ্বজিৎ পাল, শর্মিষ্ঠা বড়ুয়া, মোহিত বিশ্বাস, এ টি এম সাইফুর রহমান, ইব্রাহীম খলিল মাসুদ, রুনা চৌধুরী, নাজমুল আলিম সাদেকী, রাবেয়া সুলতান, রোজী বিশ্বাস, মাহফুজ আহমেদ, মো. আসলাম হোসেন, রোমেনা আফাজ, নীপা আক্তার, তাসলিমা আকতার, লিপি তালুকদার, আচরারুল হক, পরিতোষ দাশ, আবুল ফয়েজ, কমল বড়ুয়া, সঞ্জয় সরকার, তাসনিম জামাল, শর্মিষ্ঠা রায়, প্রার্থ প্রতিম মজুমদার ও লীনা বড়ুয়া।
অনুষ্ঠানে শিশুশিল্পী সৈয়দা মাইশা জহির, যারিন সাদাফ, মৌমিতা চৌধুরী, তাসনুভা নূর, শ্রীপর্ণ সুভ্র রায়, অনিন্দিতা মুৎসুদ্দী, সামিহা মাহাদিয়া, বিজয়ী বড়ুয়া, শ্রাবন্তী চক্রবর্তী, সামিহা ইবনাত, জায়েদ ইসলাম সাবিত, সামিহা সালসাবিল, সাদিয়া রহমান ও তানজিলুর রহমান আবৃত্তি করে।
আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মিশফাক রাসেল, মাহবুবুর রহমান ও এহতেশামুল হক।