তখন আমি বন্দী ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আমি যে সেলে বন্দী, তার পূর্ব পাশের দেয়ালে ছোট একটা ছিদ্র। সেখানে চোখ রাখলে বাইরের দৃশ্য দেখা যায়। তখনো বিকেল হয়নি। গাছের মাথায় আবছা অন্ধকার। হয়তো বৃষ্টি আসবে। শুক্রবার। কয়েদিদের জন্য ভালো খাবার রান্না করা হয়েছে। এখানে আমার কয়েকজন বন্ধু জুটেছে—রবিন, ইশতিয়াক, ফয়সাল, সুমন ও জব্বার। আমরা লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছি। জব্বারের মন খারাপ। চোখে পানি। রবিন জানাল, ‘আজ জব্বারের ছেলের জন্মদিন।’ আমরা ছয়জন বসে আছি। সামনে খাবার। কেউ খাচ্ছে না। জব্বার তখনো কাঁদছে। মাঝে মাঝে এমন হয়। একই সঙ্গে সবার বাড়ির কথা মনে পড়ে। তখন চার দেয়ালের মাঝে খুঁজতে থাকি আপনজনদের। ভরসা হয় ছোট ছিদ্রটা। ওখান থেকে বাইরে দেখার চেষ্টা করি। যদি কেউ চোখে পড়ে! এভাবেই প্রবাহিত হয় আমাদের দিন-রাত।তারপর একদিন সময় হলো আমার মুক্তি পাওয়ার। আনন্দ আর বেদনা যখন এক বিন্দুতে মিলে যায়, তখন যে অনুভূতি হয়, তা সেদিন প্রথম অনুভব করলাম। অনেক দিন পর মাকে সালাম করব। ছেলেকে আদর করব। তার চোখের অশ্রু মুছে দেব। এসব ভাবতে দারুণ সুখ অনুভূত হচ্ছে। কিন্তু হারিয়ে যাবে এই শ্রীঘরের আড্ডাটা। এটা মনে পড়লেই চোখের কোণটা বারবার ভিজে যাচ্ছে। বিকেল চারটা বাজে। একটু পরই বাইরের বাতাসে নিঃশ্বাস নেব। সূর্যের আলোয় চোখ রাঙাব। বাইরে আসার আগে ওরা পাঁচজন আমাকে জড়িয়ে ধরল। মনে হলো, কে যেন চিৎকার করে বলছে, ‘যেতে নাহি দেব হায়/ তবু যেতে দিতে হয়/ তবু চলে যায়।’যখন বাইরে এলাম, তখন বিকেল পাঁচটা। বাসে করে বাড়ি ফিরছি। চোখে ভাসছে পাঁচ পাপীর মুখ। বারবার শুনতে পাচ্ছি ওদের কান্নার আওয়াজ। জানালার পাশে বসে আকাশের পানে তাকিয়ে আছি। ভেতরের আকাশ আর বাইরের আকাশে বিস্তর পার্থক্য। অতুলনীয় সুন্দর এই আকাশ।অমৃত মলঙ্গী