শ্রীপুরে এক পরিবারেই আট জন্মান্ধ মানুষ

গাজীপুরের শ্রীপুরের উজিলাব গ্রামের একটা পরিবারেই আটজন সদস্যের জন্ম হয়েছিল চোখের আলো ছাড়া। তাঁদেরই একজন জোনাকি আক্তার। সম্প্রতি ১০ বছর বয়সী মেয়েটার চোখে লেন্স বসানো হয়েছে। এখন দেখতে পায় জোনাকি। এখানে রইল সেই পরিবারের কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসেন আলীর সঙ্গে ঠিক কোন সালে বিয়ে হয়েছিল, বলতে পারলেন না রাশিদা বেগম। তবে এটুকু বললেন, ‘বিয়া হইছিল স্বাধীনের দুই-আড়াই বছর পর।’

দুজনেরই বাড়ি গাজীপুরের শ্রীপুরের উজিলাব গ্রামে। হোসেন আলীর এক চোখ দৃষ্টিহীন। তাই বিয়েতে রাশিদার অমত ছিল। তবে বিয়ের পর ভিন্ন একজন মানুষ হিসেবে স্বামীকে আবিষ্কার করলেন। মোট কথা দাম্পত্যজীবনে সুখী হয়েছিলেন তাঁরা। অচিরেই সেই সুখের সংসারে এল এক সন্তান। একসময় বুঝতে পারলেন, তাঁদের সন্তান আমির হোসেনের চোখে আলো নেই। বিষয়টিকে নিয়তির লিখন হিসেবেই মেনে নিলেন তাঁরা।

রাশিদা বেগমের (বাঁ থেকে পঞ্চম) পরিবারের এই সদস্যদের জন্ম হয়েছিল চোখের আলো ছাড়া
ছবি: সাদিক মৃধা

রাশিদা বেগম ও হোসেন আলীর সংসারে একে একে আসে আরও তিন সন্তান। সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। সেই সন্তানেরা এখন বড় হয়েছেন। তাঁদেরও সংসার হয়েছে। তবে দৃষ্টিপ্রতিবন্ধিতার ধারাটা তৃতীয় প্রজন্মেও চলে এসেছে। তাঁদেরই একজন জোনাকি আক্তার। বয়স ১০ বছর। গত ১৭ জানুয়ারি তার চোখে লেন্স বসানো হয়েছে। এখন দেখতে পায় জোনাকি। তাঁর পরিবারে দৃষ্টিপ্রতিবন্ধী অন্যরা হলেন জোনাকির বাবা জাকির হোসেন, বড় চাচা আমির হোসেন, বড় চাচি শিউলি আক্তার, ফুফু নাসরিন আক্তার ও হাসিনা আক্তার, ফুফাতো বোন রুপা, ফুফাতো ভাই মারুফ। তাঁদের মধ্যে সাতজন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।

আরও পড়ুন
জোনাকি এখন চোখের আলোয়া পৃথিবী দেখে
ছবি: ছুটির দিনে

জোনাকির চোখের আলো ফিরে পাওয়ার গল্প শুনতে গিয়ে রাশিদা বেগমের সঙ্গে সাক্ষাৎ। তাঁর স্বামী হোসেন আলী প্রয়াত হয়েছেন বেশ কয়েক বছর আগে। রাশিদাই এ পরিবারের হাল ধরেছেন। এই আট অন্ধ সদস্যের দেখভাল তিনিই করেন। স্থানীয় একটা পোশাক কারখানায় চাকরি করতেন রাশিদা। কিন্তু করোনা শুরুর পর চাকরিটা চলে যায়। জোনাকির বড় চাচা আমির হোসেন গানের দলে ঢোল বাজাতেন। করোনার দুঃসময়ে তিনিও কাজ হারিয়েছেন।

জোনাকি চোখের আলো ফিরে পেয়েছে, সে আনন্দ দাদি রাশিদা বেগমের চোখে–মুখে যেন
ছবি: ছুটির দিনে

এই অসময়েই আনন্দের বার্তা নিয়ে এসেছে জোনাকির চোখের আলো ফিরে পাওয়ার খবর। অন্যদের মধ্যেও বাসা বেঁধেছে আশা। তবে চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা ভাবাচ্ছে রাশিদা বেগমকে। তিনি বলেন, ‘অন্ধ মানুষের যে চিকিৎসা আছে, ভালোও হয়, আমরা জানতাম না। আর জানলেও এত টাকা পাইতাম কই।’