চট্টগ্রামের নিলামবাজার বহাল রেখে দ্বিতীয় একটি বাজার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গড়ে তোলার পক্ষে মতামত দিয়েছেন বাংলাদেশি চা- সংসদের সভাপতি সাফওয়ান চৌধুরী। এ জন্য তিনি কাজ করছেন বলে স্বীকার করেন। প্রথম আলোর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই মতামত দেন। জানা গেছে, দেশের ১৬২টি চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশি চা সংসদ। এর মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কাপ্তাই ও বাঁশখালীতে চা-বাগান আছে ২২টি। দেশে বছরে চা উ ৎ পাদিত হয় প্রায় ৬০ হাজার মেট্রিক টন বা ছয় কোটি কেজি। এর মধ্যে চট্টগ্রামে উ ৎ পাদিত হয় প্রায় এক কোটি কেজি। দেশের বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করা এই চা-পাতা চট্টগ্রামের গুদামগুলোতে জমা হয়। এরপর তা চট্টগ্রামের নিলামবাজারের মাধ্যমে বিক্রি হয়। নিলামবাজার স্থানান্তর প্রসঙ্গে সাফওয়ান চৌধুরী বলেন, ‘সারা দেশে যত চা-বাগান আছে, তার ৯৫ শতাংশ সিলেট-মৌলভীবাজারে। এই চা-পাতা ট্রাকে করে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দূরে চট্টগ্রামে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। দীর্ঘ এই পথে দুর্ঘটনা, ছিনতাই এখন প্রতিদিনের ঘটনা। তাই আমরা দ্বিতীয় একটি নিলামবাজার শ্রীমঙ্গলে গড়ে তোলার চেষ্টা করছি। এতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নিলামবাজারের ঐতিহ্য সামান্যতম ম্লান হবে না।’সংসদের সভাপতি বলেন, পাশের দেশ ভারতেও একাধিক নিলামবাজার আছে। কলকাতার পাশাপাশি গুয়াহাটিতে দ্বিতীয় এবং শিলিগুড়িতে তৃতীয় নিলামবাজার আছে। প্রতিটি বাজারে আশপাশের বাগানে উ ৎ পাদিত চা পাতা বিক্রি হয়। একটি বাজারের জন্য অন্য বাজারের ক্ষতি হয় না। তিনি বলেন, দেশভাগের পর পাকিস্তান আমলে যখন চট্টগ্রামে নিলামবাজার চালু হয়, তখন দেশের মোট চা পাতা উ ৎ পাদন ছিল এক কোটি ৮০ লাখ কেজি। এখন হচ্ছে ছয় কোটি কেজি। কাজেই বিকল্প নিলামবাজার তৈরি করা জরুরি হয়ে পড়েছে। কোনো অবকাঠামো না থাকা সত্ত্বেও কীভাবে একটি উপজেলা সদরে এ ধরনের গুরুত্বপূর্ণ পণ্যের বাজার বসবে? এমন প্রশ্নের জবাবে সাফওয়ান চৌধুরী বলেন, এখন শুরু করলে হয়তো পাঁচ-সাত কিংবা ১০ বছর পর শ্রীমঙ্গলে অবকাঠামো গড়ে উঠবে। ব্যবসায়ীদের মধ্যে যাঁদের কাছে সুবিধাজনক মনে হবে, তাঁরা চট্টগ্রাম থেকে চা কিনবেন, আর যাঁরা অসুবিধা মনে করবেন, তাঁরা চলে যাবেন শ্রীমঙ্গলে। এতে বাগানমালিকদের দীর্ঘ পথে চা পাতা পরিবহনের দুশ্চিন্তা দূর হবে।