শ্রীমঙ্গলের চা-জাদুঘরে

সড়কঘেঁষা মূল ফটক পেরিয়ে কয়েক কদম এগোলেই ঘরটি। দোচালা টিনের পাকা ঘর। এর ভেতরের এক অংশ দিয়ে চলে গেছে সরু গলি। এই গলি ধরেই যেতে হলো জাদুঘরের প্রথম কক্ষে। সে কক্ষে ঢুকেই নজর কাড়ল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি। ছোট কক্ষের বড় একটি অংশজুড়ে রাখা হয়েছে একটি টেবিল ও চেয়ার। চেয়ার বরাবর দেয়ালে বঙ্গবন্ধুর আপাদমস্তক প্রতিকৃতি। টেবিলের এক কোনায় ছোট তথ্যে জানানো হয়েছে, ১৯৫৭-৫৮ সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তান চা-বোর্ডের চেয়ারম্যান ছিলেন; তখন তিনি এই চেয়ার-টেবিল ব্যবহার করেছিলেন।
এমন ছোট ছোট চারটি কক্ষ নিয়েই চা-জাদুঘর। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে কমলগঞ্জ ও শমশের নগরের দিকে চলে গেছে যে সড়ক; সেটি ধরে দুই কিলোমিটারের মতো এগোলেই বাংলাদেশ চা-বোর্ডের ‘টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম’। মূলত এটি অবকাশ যাপনের রিসোর্ট। সেখানেই গড়ে তোলা হয়েছে জাদুঘরটি। চা-বাগানে ঘেরা এ চায়ের জাদুঘরে বাংলাদেশের চা-শিল্পের প্রায় দেড় শ বছরের ইতিহাস ফুটে উঠেছে নানা সংগ্রহে-স্মারকে। ১৩ মার্চ আমরা ঘুরে দেখেছি ব্যতিক্রমী এই জাদুঘর। সবার জন্য উন্মুক্ত চা-জাদুঘরটি সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি প্রবেশ ফি ২০ টাকা।

এমন সব তথ্য শুনতে শুনতে আমরা ততক্ষণে দ্বিতীয় কক্ষে প্রবেশ করি। প্রথম কক্ষের ভেতর দিয়ে দ্বিতীয় কক্ষে প্রবেশ করা যায়। চা-গাছ ব্যবহার করেই আসবাব তৈরি করা হয়েছে। সেগুলোর ওপর প্রদর্শন করা হয়েছে এই কক্ষের সংগ্রহগুলো। চা-বাগানের আগাছা পরিষ্কার করার কাঁটা কোদাল, রিং কোদাল, তির-ধনুক, চা-গাছ ছাঁটাইকাজে ব্যবহৃত কলম দাসহ ব্রিটিশ আমলে শ্রমিকদের ব্যবহৃত বিভিন্ন হাতিয়ার, আছে লোহার পাপোশ, চা-শ্রমিকদের জন্য ব্যবহৃত বিশেষ রুপা ও তামার মুদ্রা, কাঠের ফসিল, ঘটি, টেবিল, ব্রিটিশ সাহেবদের গুনতির কাজে ব্যবহৃত হাড়ের ছড়ি, লাঠি; শ্রমিকদের পূজা অর্চনায় ব্যবহৃত কষ্টিপাথরের প্লেট, ব্যবস্থাপক বাংলোয় ব্যবহৃত প্রাচীন বেতারযন্ত্র, দেয়ালঘড়ি, চা-বাগানে চারা লাগানোর কাজে ব্যবহৃত বিশেষ যন্ত্র। চা-শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের ব্যবহৃত সেসব অনুষঙ্গ দেখতে দেখতে মনটা কৌতূহলী হয়ে ওঠে।
এসব সংগ্রহ দেখে দ্বিতীয় কক্ষ থেকে বেরোতে হয়। জাদুঘরের তৃতীয় কক্ষটি আরও কয়েক কদম দূরে। এখানে দেখা গেল, কোদালা চা-বাগান থেকে কর্মকর্তাদের ব্যবহৃত নানা জিনিস—কেরোসিনচালিত ফ্রিজ, গাড়ির চেসিস, বৈদ্যুতিক পাখা, চা-বাগানের ব্যবস্থাপক বাংলোর বাথটাব, ট্রাক্টরের লাঙলের অংশ, বাগান পাহারার কাজে নিরাপত্তারক্ষীদের ব্যবহৃত তির-ধনুক, ব্রিটিশ ব্যবস্থাপকদের ব্যবহৃত খাট, দিক নির্ণয়যন্ত্র, চা-বোর্ডের হিসাবরক্ষকের ব্যবহৃত টাকা রাখার বাক্সসহ টেবিল; আছে বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউটের প্রথম কম্পিউটারটিও।

তৃতীয় কক্ষ থেকে বের হয়ে আরও খানিকটা হেঁটে যেতে হয় জাদুঘরের চতুর্থ কক্ষে। চা তৈরির যন্ত্রসহ এখানে রয়েছে কর্মকর্তাদের ব্যবহৃত আসবাব, সাধারণ মানুষের কাছে চা জনপ্রিয় করতে প্রস্তুতপ্রণালি এবং চা পানে স্বাস্থ্যগত কী কী উপকার হয় সেসব নিয়েই বিজ্ঞাপনী পোস্টার। এসব বিজ্ঞাপনী ভাষা পড়ে মনে হলো, সাধারণ মানুষের কাছে চা জনপ্রিয় করতে কী কাঠখড়টাই পোড়াতে হয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর।
জাদুঘর প্রতিষ্ঠার তথ্যটা অবশ্য আগেই জানা, ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বরে যাত্রা শুরু। বাংলাদেশ চা-বোর্ডের পরিচালক মোহম্মদ আলী বললেন, ‘দেশের বিভিন্ন চা-বাগান থেকে আমরা এই স্মারকগুলো সংগ্রহ করেছি। খুবই ছোট পরিসরে চলছে। চেষ্টা আছে জাদুঘরটি ধীরে ধীরে বিস্তৃত করা।’