শ্রীমতী খালের ভাঙনে সড়ক বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার কচুয়াই ইউনিয়নের পারিগ্রাম সূত্রধরপাড়া চলাচলের একমাত্র সড়কটি শ্রীমতী খালের গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ওই পাড়ার শতাধিক পরিবারের লোকজন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। গত সপ্তাহের প্রবল বর্ষণে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এদিকে, ভাঙন অব্যাহত থাকায় সূত্রধরপাড়াটিই যেকোনো সময় খালে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। সূত্রধরপাড়ার বাসিন্দা গোপালী সূত্রধর বলেন, ‘প্রবল বৃষ্টির কারণে সড়কটি পুরোপুরি ভেঙে যাওয়ায় পাড়ার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। এমনকি আমাদের পাড়াটি কখন খালের গর্ভে বিলীন হয়ে যায় সেই দুশ্চিন্তায় আছি। কোনো রোগীকে চিকিৎসকের কাছে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়।’ স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে খাল থেকে বালু উত্তোলন করায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রায় পাঁচ বছর আগেও খালের দক্ষিণ-পূর্ব পাশে বর্তমান চর এলাকায় ৫০টি পরিবারের ছোট দুটি পাড়া ছিল। ভাঙনে তা বিলীন হয়ে গেছে। সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইকবাল হোসেন বলেন, ১৯৮৭ সালে সূত্রধরপাড়ার পাশে খালের ভাঙন রোধে কিছু উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে আর কোনো কাজ হয়নি। ইউপি সদস্য আবদুস সোবাহন বলেন, ‘গত সপ্তাহের টানা বর্ষণের সময় এক দিনেই সড়কটি ভেঙে খালে বিলীন হয়ে গেছে। সাংসদ সামশুল হক চৌধুরী নির্বাচনের আগে ও পরে একাধিকবার এসে দেখে গেছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেনও এসে দেখে গেছেন। পরিদর্শনের সময় তিনি ভাঙন রোধের আশ্বাস দিলেও এখনো কোনো কাজ হয়নি। ’এ প্রসঙ্গে পটিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আবু বক্কর বলেন, ‘বর্ষার কারণে ভাঙন দেখা দিয়েছে। আমরা সরেজমিনে গিয়ে দেখে এসেছি। ভাঙন রোধের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রকল্প প্রেরণ করা হবে।’ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন বলেন, ‘এ ব্যাপারে ইউপির সচিবকে একটি প্রকল্প দাখিল করতে বলব। এ ছাড়া এলজিএসপির একটি প্রকল্পের মাধ্যমে খালের ভাঙন প্রতিরোধ ও বিলীন হয়ে যাওয়া সড়কটি সংস্কার করার ব্যবস্থা নেব।’