শ্রীমতী খালের ভাঙনের ঝুঁকিতে ৩০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া ভাটিখাইন বাজারের পাশে শ্রীমতী খাল ভাঙছে বেড়িবাঁধ ষ প্রথম আলো
পটিয়া ভাটিখাইন বাজারের পাশে শ্রীমতী খাল ভাঙছে বেড়িবাঁধ ষ প্রথম আলো

সপ্তাহজুড়ে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে পটিয়ার শ্রীমতী খালের বেড়িবাঁধের ১০টি স্থানে ফাটল ধরেছে। এর মধ্যে চার স্থানে ভাঙনের ফলে উপজেলার ভাটিখাইন ও ছনহরা এলাকার পাঁচটি গ্রামের বসতঘর, মাছের খামার ও ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিতে আছেন দুই ইউনিয়নের ১০ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, শোভনদণ্ডী বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় শ্রীমতী খালের ভাঙন ঠেকাতে ৭ দশমিক ২৮৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও পাঁচটি স্লুইস গেট মেরামত করা হয় গত বছর।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ভাটিখাইন, করল, বগাহরা, ঠেগরপুনিসহ ১০টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ চলতি বর্ষা মৌসুমে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন।
সরেজমিনে দেখা গেছে, বেড়িবাঁধের ভাঙনে ভাটিখাইনের বাসিন্দাদের অনেকের বাড়িঘরে পানি ঢুকেছে।
কারও বাড়ির কাঁচা দেয়াল ধসে গেছে। এ ছাড়া বেড়িবাঁধের ওপরে অবস্থিত ভাটিখাইন-ছনহরা-কেরিঞ্জা সড়কের চারটি স্থানে ভেঙে গেছে। সড়কের পাশে রোপিত শতাধিক বনজ গাছও গোড়াসহ ভেঙে পড়েছে।
ভাটিখাইন এলাকার বাসিন্দা নুরুল হকের স্ত্রী রওশন আকতার (৩৫) বলেন, ‘পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) থেকে ঋণ নিয়ে একটি ঘর করেছি। চোখের সামনেই বেড়িবাঁধ ভেঙে প্রবল পানির স্রোতে ভেসে গেছে সেই ঘর। দুই ছেলেমেয়েকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব তা বুঝে উঠতে পারছি না।’
কৃষক আবদুস শুক্কুর বলেন, ‘আমি অনেক পরিশ্রম করে পাঁচ কানি জমিতে শসা খেত করেছিলাম। এবারের বন্যয় সব তলিয়ে গেল।’
পটিয়া পাউবোর উপসহকারী প্রকৌশলী অনুপম দাশ বলেন, বহু পাহাড়ি ছড়ার সঙ্গে শ্রীমতী খালের সংযোগ। বর্ষাকালে পাহাড়ি ঢলের পানি খালে ঢুকে পড়ে। এতে খালের দুই তীরে ভাঙন দেখা দেয়। ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। ফাটল দেখা দিলে পরিদর্শন করে সেসবও মেরামত করা হবে।