শ্রীমতীর বেড়িবাঁধে ভাঙন, ঝুঁকিতে ৩০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের বর্ষায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রীমতী খালের বেড়িবাঁধের আট স্থানে ভাঙন দেখা দেয়। এক বছরেও ভাঙন মেরামত না হওয়ায় চলতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ–সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে উপজেলার ভাটিখাইন ও ছনহরা ইউনিয়নের ১০ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে পড়েছে।
শ্রীমতী খালপাড়ের বাসিন্দারা জানান, গত বছর জুন মাসে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শ্রীমতী খালের বেড়িবাঁধের আট স্থানে ভাঙন দেখা দেয়। দ্রুত ধসে যাওয়া বেড়িবাঁধ মেরামত করা না হলে চলতি বর্ষা মৌসুমে আবারও ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
পটিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বন্যানিয়ন্ত্রণ, সেচ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ৪ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার শ্রীমতী খালের ৭ দশমিক ২৮৫ কিলোমিটারজুড়ে বেড়িবাঁধ ও পাঁচটি স্লুইসগেট মেরামত করা হয় গত বছরের মে মাসে। কিন্তু এক মাসের মধ্যে এটি ভেঙে যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাটিখাইন সেতুর পশ্চিম পাশে, নুরুল হকের বাড়ির পাশে, করণাপাড়া এলাকায়, ধোপাপাড়ায়, দুলা মিয়ার বাড়ির পাশে ও ভাটিখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) উত্তর পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় আটটি স্থানে বেড়িবাঁধ ধসে পড়েছে।
ভাটিখাইন ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, বেড়িবাঁধ ধসে যাওয়ার কারণে ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা, ভাটিখাইন ইউনিয়নের ভাটিখাইন, করল, বগাহারা, ঠেগরপুনি গ্রামসহ ১০টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ ঝুঁকিতে আছে। তিনি অভিযোগ করে বলেন, অনিয়মের কারণে মেরামতকাজ ত্রুটিপূর্ণ হয়েছে। তাই এক মাসের মধ্যে ধসে গেছে। যেখান থেকে মাটি কেটেছে তার পাশেই বেড়িবাঁধ দিয়েছে, বাঁধের ওপর ঘাস রোপণ করার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো ঘাস রোপণ করেননি ঠিকাদারেরা। এ কারণে দ্রুত বাঁধ ধসে গেছে।
ভাটিখাইন গ্রামের খালের পাশের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) বলেন, খালের ভাঙনের তাঁর ঘরবাড়ি একাধিকবার বিলীন হয়ে গেছে। তিনি বর্ষার আগেই ধসে যাওয়া বাঁধ মেরামতের দাবি জানান। পটিয়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, বেড়িবাঁধ নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা অধিগ্রহণ করা যায়নি। ফলে দ্রুত বেড়িবাঁধ ধসে গেছে। বাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হবে।