শ্রীমাই গ্রামে যে দৃশ্য আগে দেখা যায়নি

বিদ্যালয়ের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে দল বেঁধে শ্রেণিকক্ষে ঢুকছে শিশুরা, আবার ছুটির পর ফিরছে বই হাতে। কিছুদিন আগেও পটিয়ার দক্ষিণ শ্রীমাই গ্রামে এমন দৃশ্য দেখা যায়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি এমন মনভরানো দৃশ্য দেখছে গ্রামবাসী।
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই নামের সুনসান পাহাড়ি গ্রামটিতে আগে কোনো বিদ্যালয় ছিল না। গ্রামের কয়েকজন ব্যক্তি কয়েক বছর আগে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। পাওয়া যায় সরকারি সহায়তাও। ২০১৩ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে চার কক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবন নির্মিত হয়। বিদ্যালয়ের নাম রাখা হয় এলাকার শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলমের নামে। গত বছরের ডিসেম্বর মাসে বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়। শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি শ্রেণিতে ভর্তি হয় ১৫০ জন শিক্ষার্থী। নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। আর সেই সঙ্গে শুরু হয় নতুন বিদ্যালয়ের পথ চলাও। প্রত্যন্ত এই এলাকায় বিদ্যালয় চালু হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। সন্তানদের লেখাপড়ার জন্য আর দূরের বিদ্যালয়ে পাঠাতে হবে না ভেবে স্বস্তির নিশ্বাসও ফেলছেন তাঁরা।
যেভাবে বিদ্যালয় প্রতিষ্ঠা: শ্রীমাই গ্রামের শিশুরা দুই থেকে তিন কিলোমিটার হেঁটে দূরের বিদ্যালয়ে পড়তে যেত। এ জন্য গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছিলেন অনেকেই। এগিয়ে এলেন স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ ইব্রাহিম। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৭ গন্ডা জমি দান করে উদ্যোগটাকে অনেকটাই বাস্তবে রূপ দিলেন তিনি।
এর পরের গল্প শোনা যাক মোহাম্মদ ইব্রাহিমের মুখ থেকেই। তিনি বলেন, ২০১১ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন তাঁরা। সে সময় তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মে. সামশুদ্দিন আহমদ, ঢাকা সুপ্রিম কোটের আইনজীবী হরিসাধন দেববর্মণসহ এলাকার ব্যবসায়ী ও শিক্ষিত লোকজন এ কাজে সহযোগিতার হাত বাড়ান। পরবর্তী সময়ে পটিয়ার বর্তমান সাংসদ সামশুল হক চৌধুরীও উদ্যোগে শামিল হন। সবার প্রচেষ্টায় খুব দ্রুতই সরকারের সাড়া মেলে। ২০১৩ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ৫৮ লাখ টাকা ব্যয়ে চার কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস দুজন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগও দেয়। এরপর ১ জানুয়ারি শুরু হয় বিদ্যালয়ের পাঠদান।
সম্প্রতি দক্ষিণ শ্রীমাই গ্রামে গিয়ে দেখা গেছে, শহীদ শাহ আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে চলছে শিক্ষা কার্যক্রম। এ সময় কথা হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সায়ের উদ্দিনের সঙ্গে। সে বলে, ‘আগে প্রায় দেড় কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেতাম। এখন বাড়ির পাশে বিদ্যালয় হাওয়ায় অনেক ভালো লাগছে। দুপুরে বিরতির সময় বাড়ি গিয়ে ভাত খেয়ে আসি।’
গৃহবধূ নাছিমা আকতার (৩২) তাঁর দুই মেয়েকে ভর্তি করিয়েছেন বিদ্যালয়টিতে। তিনি বলেন, আগে মেয়েদের স্কুলে নিয়ে যেতে এক ঘণ্টা সময় লাগত। এখন বাড়ি থেকে স্কুল মাত্র পাঁচ মিনিটের পথ। মেয়েরা এখন নিজেরাই স্কুলে যায়।
বিদ্যালয়ের জমিদাতা মোহাম্মদ ইব্রাহিম বর্তমানে পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘এলাকায় বিদ্যালয় পেয়ে আমাদের গ্রাম এক ধাপ এগিয়ে গেছে। তবে এখন আরও কিছু সহযোগিতা প্রয়োজন আমাদের। নতুন শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ে আসা-যাওয়ার সড়ক সংস্কার, খেলাধুলার সরঞ্জাম সরবরাহ ও বিদ্যুৎ–সংযোগ দিলে বিদ্যালয়টি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল রহিম বলেন, বর্তমানে তিনি ও অপর একজন শিক্ষক এখন পাঠদান করছেন বিদ্যালয়ে। বিদ্যালয়কে ঘিরে গ্রামের লোকজনের উচ্ছ্বাস দেখে মুগ্ধ তিনি।