শ্রীলঙ্কার ওপর চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার ওপর যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অনেক দিন ধরেই খাঁড়ার মতো ঝুলছিল। এবার আন্তর্জাতিক মহল আনুষ্ঠানিকভাবে সোচ্চার হলো এর প্রতিকার বিধানের জন্য। কিছুদিন ধরেই দেশটির সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর ওপর প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সরকারের নিপীড়নের নিন্দা করে আসছিল জাতিসংঘ। গত ২১ মার্চ জাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) শ্রীলঙ্কার সরকারকে যুদ্ধকালীন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রস্তাব অনুমোদন হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলো এ ব্যাপারে সমর্থন দিচ্ছে জাতিসংঘের সংস্থাটিকে। মার্কিন রাষ্ট্রদূত এইলিন চেম্বারলিনের উত্থাপিত প্রস্তাবে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক তদন্ত কর্মকর্তাদের কাজ করতে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এতে একই সঙ্গে এ অনুরোধও করা হয়েছে যে শ্রীলঙ্কা নিজেই যেন তাদের বিরুদ্ধে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেয়। কিন্তু এ ধরনের প্রস্তাব আদৌ কোনো অর্থপূর্ণ ফল বয়ে আনবে কি না, তা নিয়ে বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মনে প্রশ্ন রয়েছে। ইউএনএইচআরসি দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কায় গিয়ে বেসামরিক তামিল নাগরিকদের অবস্থা পরিদর্শনে তোড়জোড় চালাচ্ছে। সংস্থাটির তদন্ত কর্মকর্তারা তামিলদের ওপর সরকারের নিপীড়নের অভিযোগ তদন্তে বারবার উদ্যোগ নিয়েছেন। কিন্তু রাজাপক্ষের সরকার এ ব্যাপারে বরাবরই মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের এক কথা—শ্রীলঙ্কায় তামিলদের ওপর কোনো নিপীড়ন বা মানবাধিকার লঙ্ঘন চলছে না। শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা সংখ্যালঘু তামিলরা আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে আশির দশকের শুরুতে। ১৯৮৩ সালের ২৩ জুলাই লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) নেতৃত্বে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করে। কয়েক দফা অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘিত হওয়ার পর তা ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। তা চলে প্রায় তিন দশক ধরে। ব্যাপক রক্তক্ষয়ী এই গৃহযুদ্ধের অবসান ঘটে ২০০৯ সালের মে মাসে। এই যুদ্ধে ৮০ হাজার থেকে এক লাখ লোক নিহত হয়।বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলারা নির্মূল হলেও সাধারণ তামিলদের ওপর সরকারের নিপীড়ন শেষ হয়নি বলে আন্তর্জাতিক বিশ্বের অভিযোগ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে সরকার বেসামরিক তামিল নাগরিকদের ওপর যে কঠোর ব্যবস্থা নিয়েছে, তাতে ৪০ হাজার লোক নিহত হয়েছে। অভিযোগ আছে, যুদ্ধের পর সরকারের অনুগত সেনারা অনেক বেসামরিক তামিল নাগরিক ও বন্দী এলটিটিই-যোদ্ধাকে গুলি করে মেরেছে। এর ওপর ভিত্তি করে দুটি প্রামাণ্যচিত্র প্রচার হয়েছে ব্রিটিশ টিভি চ্যানেল ফোরে। এরপর চ্যানেল ফোরে তৃতীয় যে তথ্যচিত্র প্রচার করা হয়, তাতে গৃহযুদ্ধে নিহত এলটিটিই-প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের নাবালক ছেলেকে নির্মমভাবে গুলি করে হত্যা করার চিত্র রয়েছে। ওই প্রামাণ্যচিত্রটি প্রচারিত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে শ্রীলঙ্কার সরকার। তারা দাবি করে, পুরো বিষয়টি সাজানো এবং ঘরে বসে তৈরি করা। জাতিসংঘ এরপর শ্রীলঙ্কা সরকারকে মানবতাবিরোধী অপরাধের মতো গর্হিত কাজ থেকে বিরত রাখতে উদ্যোগ নেয়। ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো ইউএনএইচআরসির অধিবেশন ডেকে শ্রীলঙ্কাকে তাদের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সহায়তা করতে অনুরোধ করা হয়। কিন্তু রাশিয়া ও চীন শ্রীলঙ্কার পক্ষে থাকায় এই প্রস্তাব অনুমোদন পায়নি। ওই সময় জাপান আর ভারতও ছিল শ্রীলঙ্কার পক্ষে। সেবার ইউএনএইচআরসির অধিবেশনে যে প্রস্তাব উত্থাপিত হয়, তা অনেকটা নমনীয় আকারে ছিল। ওই প্রস্তাবে বলা হয়, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে লেসনস লার্নট অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন (এলএলআরসি) নামের যে তদন্ত কমিশন নিয়োগ করেছেন, তাদের প্রতিবেদনের ভিত্তিতেই সরকার নিরপেক্ষ ব্যবস্থা নিক। তামিল সংখ্যালঘুদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা হোক। কিন্তু শেষতক প্রস্তাবটির দৌড় ছিল ওই অধিবেশনের টেবিল পর্যন্ত।২১ মার্চ ইউএনএইচআরসির দ্বিতীয় দফা অধিবেশনে তোলা প্রস্তাবে যেসব দাবি রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—১. আন্তর্জাতিক তদন্ত দল শ্রীলঙ্কায় গিয়ে দেখবে, সেখানে সংখ্যালঘুদের মৌলিক অধিকার যথাযথভাবে রক্ষিত হচ্ছে কি না, ২. তারা স্বাধীন মত প্রকাশের সুযোগ পাচ্ছে কি না, ৩. তাদের ওপর এখনো বিচারবহির্ভূত হত্যা চালানো হচ্ছে কি না। এবারের প্রস্তাবেও শ্রীলঙ্কার সরকারের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছিল। প্রস্তাবে বলা হয়, সরকার যেহেতু বাইরের কারও ‘নাক গলানো’ পছন্দ করছে না, কাজেই মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ রয়েছে, সে ব্যাপারে নিজেরাই তদন্ত করে ব্যবস্থা নিক। আন্তর্জাতিক বুদ্ধিজীবী গোষ্ঠী ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের শ্রীলঙ্কার প্রকল্প পরিচালক অ্যালান কিনান বলেন, ‘নতুন প্রস্তাব শ্রীলঙ্কার সরকারের কঠোর অবস্থানে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না। তবে শ্রীলঙ্কার সরকার আন্তর্জাতিক এই উদ্বেগের বিষয়টি যদি বারবার এড়িয়ে যায়, তাহলে তাদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে বলেই মনে করি।’অ্যালান কিনান মনে করেন শ্রীলঙ্কা সরকার নিষ্ক্রিয় থেকে গেলে সে ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার পরিষদ একটি তদন্ত দল গঠন করে সে দেশে পাঠানোর জোরালো পদক্ষেপ নেবে। একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও গোষ্ঠীর চাপও বাড়বে। শ্রীলঙ্কার বেসরকারি প্রতিষ্ঠান ‘রাইটস নাও কালেকটিভ ফর ডেমোক্রেসি’র সদস্য রুকি ফার্নান্দোও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যদিও এই প্রস্তাব প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে, এর পরও বলব যে উদ্ভূত পরিস্থিতিতে সঠিক পদক্ষেপই নেওয়া হয়েছে।’জাতিসংঘের বিশেষ দূত নাভি পিল্লাই সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করেছেন, আরও বেশি পরামর্শ করে মতৈক্যে পৌঁছার প্রক্রিয়ায় সুশীল সমাজের সঙ্গে যেভাবে সম্পৃক্ত হওয়া প্রয়োজন, শ্রীলঙ্কার সরকারের মধ্যে তা নেই। তাঁর এ মন্তব্যে নতুন প্রস্তাবে সাড়া দেওয়ার বিষয়ে শ্রীলঙ্কার সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় জাগা অস্বাভাবিক কিছু নয়। রাজাপক্ষের সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এলএলআরসি আসলে একটি নিষ্ক্রিয় কমিশন। তারা সরকারের কথায় ওঠেবসে।কিন্তু তামিলদের বিষয়ে শ্রীলঙ্কার সরকারের এখন আর কানে তুলা গুঁজে বসে থাকার সুযোগ নেই। শ্রীলঙ্কায় সংখ্যালঘু হলেও পশ্চিমা অনেক দেশেই অভিবাসী হওয়া তামিলরা বেশ ভালো অবস্থানে রয়েছে। তারা বিভিন্ন প্রভাবশালী দেশে শিক্ষিত ও সুশীল সমাজের প্রতিনিধিত্ব করছে। কাজেই, তাদের দাবি উপেক্ষা করতে পারবে না ওই দেশগুলো। ভারতও একটা গুরুত্বপূর্ণ পক্ষ এ ইস্যুতে। ভারতে রয়েছে সাত কোটির বেশি তামিল। দক্ষিণের তামিলনাড়ু রাজ্যটি তামিল-অধ্যুষিত। তারা ‘আশকারা’ পেয়ে যাবে, এ আশঙ্কায় ভারত কখনো শ্রীলঙ্কার তামিলদের স্বাধীনতার দাবিতে সমর্থন দেয়নি। সেই ভারত এবার নতি স্বীকারে বাধ্য হয়েছে। তামিলনাড়ুর প্রধান বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম (ডিএমকে) সম্প্রতি দাবি তুলেছিল, শ্রীলঙ্কায় এলটিটিইর বিরুদ্ধে অভিযানে ব্যাপক গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে ভারতের পার্লামেন্টে স্বীকৃতি দিতে হবে। অন্যথায় ডিএমকের পাঁচ মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। শেষ পর্যন্ত মন্ত্রীরা পদত্যাগ করেছেনও। এর প্রভাবেই ভারত এবার শ্রীলঙ্কার বিপক্ষে ভোট দিয়েছে।এখন প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক চাপ শ্রীলঙ্কাকে কতটা বেকায়দায় ফেলতে পারবে? আগামী নভেম্বরে রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা কমনওয়েলথ দেশগুলোর দ্বিবার্ষিক সম্মেলন। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সরকার আশাব্যঞ্জক সাড়া না দিলে ৫৪টি কমনওয়েলথ দেশ এই সম্মেলন বর্জন করতে পারে বলে মনে করছেন অনেকে। আর তা হতে পারে শ্রীলঙ্কাকে একঘরে করার একটি জোরালো সংকেত। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্যবিষয়ক সম্পর্কে অসহযোগিতা করে দেশটিকে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে ফেলতে পারে।