শ্রীলঙ্কায় ঐক্যই এখন বড় চ্যালেঞ্জ
মঙ্গলবার ভোটগ্রহণের পর শ্রীলঙ্কায় সরকারনিয়ন্ত্রিত টিভি চ্যানেল ‘রূপবাহিনী’র ঘোষণা অনুযায়ী মাহিন্দা রাজাপক্ষে সে দেশের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন।রূপবাহিনী দাবি করেছে, রাজাপক্ষে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১৮ লাখ ভোটে এগিয়ে থেকে নিশ্চিত বিজয় লাভ করেছেন। তবে উদ্বেগের বিষয়, বিজয়ীর প্রধান প্রতিদ্বন্দ্বী শরত্ ফনসেকাকে একদল সেনা হোটেলে গৃহবন্দী করে রেখেছে।অথচ এই বন্দী প্রার্থীই হলেন তামিলদের পরাজয়ের প্রধান রূপকার। আবার নির্বাচনে ওই তামিলরাই তাঁর পক্ষে ছিল! একসময় তামিলদের বিরুদ্ধে বিজয় অর্জন অসাধ্য সাধন মনে হয়েছিল। কারণ ৩৮ বছরের সংগ্রামটা শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলের জনগণের মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছিল। তামিলরা মনে করেছিল, এ লড়াই-সংগ্রামটা একান্তই তাদের। একদিকে অস্ত্র ও জনবলের শক্তি, অন্যদিকে প্রবাসী তামিলদের সহায়তা, এ দুইয়ের সঙ্গে রক্তপাতের বিরুদ্ধে জাতিসংঘের কঠোর অবস্থান—সব মিলে এলটিটিইর লড়াইকে সমীহ না করে পারেনি শ্রীলঙ্কার কোনো সরকার। কোনো সময় আলোচনা, কোনো সময় যুদ্ধবিরতি—এভাবে চালিয়ে নিয়েছে সব সরকার। তবে এর মধ্যে মাহিন্দা রাজাপক্ষের সরকার ছিল ব্যতিক্রম। তিনি কখনো মনে করেননি যে এলটিটিই অজেয়। সিংহলি জাতীয়তাবাদে বিশ্বাসী এই নেতা তিন মাসের যুদ্ধে গুঁড়িয়ে দেন এলটিটিইকে। দেশটির কোনো একটি গ্রামও আর এখন এককভাবে এলটিটিইর নিয়ন্ত্রণে নেই। নিহত হয়েছেন এর প্রধান নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ, যাঁকে অনুসারীরা দেবতা মনে করত, মারা গেছেন শীর্ষস্থানীয় নেতারাও, গ্রেপ্তার হয়ে বন্দিশিবিরে আছেন কয়েক হাজার যোদ্ধা, সপক্ষ ত্যাগ করেছেন অনেক নেতা।এলটিটিই দমনের এই কৃতিত্বের প্রধান দাবিদার প্রেসিডেন্ট রাজাপক্ষে। এই কৃতিত্ব বা সাফল্যের রেশ থাকতে থাকতেই প্রেসিডেন্ট নির্বাচন দিয়ে দেন তিনি। এবং তা নির্ধারিত সময়ের অন্তত দুই বছর আগে। সেই নির্বাচনটি হলো ২৬ জানুয়ারি। রাজাপক্ষে হয়তো নির্দয়ভাবে এলটিটিই দমন করেছেন। কিন্তু একজন সাধারণ শ্রীলঙ্কার নাগরিক, যিনি সিংহলি, খুশিই হয়েছেন। কারণ এতে দেশে স্থিতিশীলতা এসেছে। ইতিমধ্যে অর্থনীতিতে গতিসঞ্চারের আভাস মিলেছে। বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের সম্ভাবনা জেগেছে। তাদের কাছে রাজাপক্ষে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। সিংহলিদের কাছে তাঁর বিকল্প কেউ নেই।তবে তাঁরও অনেক সীমাবদ্ধতা আছে। রাজনীতি করছেন প্রায় তিন দশক ধরে। সবচেয়ে কমবয়সী হিসেবে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে প্রতিটি পার্লামেন্ট নির্বাচনেই তিনি জিতেছেন। কিন্তু ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কিছুদিনের মধ্যে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। প্রথমত আর্থিক দুর্নীতির অভিযোগ, যদিও তা এখন পর্যন্ত প্রমাণ করা যায়নি। ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা সহজ নয়! দুই. গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তাঁর আচরণ এবং সিদ্ধান্ত নেওয়ার ধরনটা অনেকটা সেনাশাসকদের মতো। তিন. পরিবারতন্ত্র কায়েম। অভিযোগটি মিথ্যা নয়। ভাই গোটাভাইয়া প্রতিরক্ষামন্ত্রী, বড় ভাই কমলও মন্ত্রী, ছোট ভাই বাসিল তাঁর উপদেষ্টা। এ ছাড়া এই ভাইদের ছেলে ও মেয়েরা বড় বড় সরকারি সংস্থা ও বিভাগের পদে। অভিযোগ রয়েছে, রাজাপক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামতের বাইরে যেতে পারেন না। আবার তাঁরা মাঝেমধ্যে এমন সিদ্ধান্ত নেন, যা সরকারের জন্য বিব্রতকর হয়। প্রভাবশালী মন্ত্রী গোটাভাইয়া নাকি আটক তামিল বন্দী সবাইকে হত্যার নির্দেশ দিয়েছেন, যা পরে তিনি অস্বীকার করেন। বলার অপেক্ষা রাখে না, পরিবারের সদস্যদের ক্ষমতা ও প্রভাব ভবিষ্যতে আরও বাড়বে। আর শরত্ ফনসেকার বেলায় জনগণ যেগুলো বিবেচনা করেছে, প্রথমত তাঁর রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই। আপাদমস্তক তিনি একজন সেনা। সারাজীবন তিনি নির্দেশ দিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন। গণতন্ত্রের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর হয়নি। রাজাপক্ষের শিবির থেকে অভিযোগ করা হয়েছিল, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশে প্রকারান্তরে সামরিক শাসনই প্রতিষ্ঠিত হবে। আর তিনি রাজাপক্ষে ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন—এ রকম ধারণাও কাজ করেছিল জনগণের মধ্যে। মোটের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, শরত্ ফনসেকা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাঁর ব্যক্তিগত অভিলাষ চরিতার্থ করতে, তিনি জনগণের প্রার্থী নন। তা ছাড়া যে দলগুলো তাঁকে সমর্থন দিয়েছে, তার মধ্যে প্রধান হলো তিনটি দল—ইউনাইটেড ন্যাশনাল পার্টি বা ইউএনপি, জনতা বিমুক্তি পারামুনা বা জেভিপি এবং তামিল ন্যাশনাল অ্যালায়েন্স বা টিএনএ। এর মধ্যে ইউএনপি ডানপন্থী দল আর জেভিপি বামপন্থী দল। ডান ও বামের এই পরস্পরবিরোধী স্রোত একবিন্দুতে মিলিত হয়েছে, যে বিন্দুটার নাম জেনারেল শরত্ ফনসেকা। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ডান ও বামের এই কাছাকাছি আসাটা একেবারেই অবাস্তব। যেকোনো মুহূর্তে এই ঐক্য বিনষ্ট হয়ে পড়ার ঝুঁকি থাকে। এর পর টিএনএ। এটি এলটিটিইর রাজনৈতিক শাখা। পার্লামেন্টে তাদের ২২ জন সদস্য রয়েছে। নির্দিষ্ট ভোটও রয়েছে। কিন্তু জনগণ প্রশ্ন তুলেছে, শরত্ ফনসেকা বিজয়ী হলে দেশে কী আবার তামিল বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে উঠবে? পরস্পরবিরোধী ইউএনপি ও জেভিপি কি সন্দেহ আর বিশৃঙ্খলা তৈরি করবে? এবারের নির্বাচনের আরেকটা লক্ষণীয় দিক হলো, সরকারের প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক আচরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রে নির্বাচনী কভারেজের ৯৮ ভাগই ছিল রাজাপক্ষের পক্ষে। এতে সরাসরি জেনারেল ফনসেকাকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়। মজার বিষয় হলো, নির্বাচনে ফনসেকা তাঁর নিজের ভোটটাই দিতে পারেননি। কারণ ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। তাঁর নাম যে তালিকায় নেই এটা তাঁকে জানানোও হয়নি। এটাও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতায় বড় ধরনের প্রশ্ন তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।তামিলদের দুর্গতি: ২০০৯ সালের শুরুর দিকে তামিলবিরোধী অভিযানে প্রথম পাঁচ মাসে প্রায় সাত হাজার সাধারণ তামিল নিহত হয়। অভিযানের পরও তাদের দুর্গতি শেষ হয়নি। কাঁটাতারের ঘেরাটোপ আর সশস্ত্র পাহারায় প্রায় দুই লাখ ৭০ হাজার বাস্তুচ্যুত তামিলকে প্রায় ছয় মাস ধরে বন্দীজীবন কাটাতে হয়। অথচ এদের অধিকাংশ সাধারণ তামিল, গেরিলা নয়। কিন্তু তামিল হওয়াটাই ছিল তাদের অপরাধ। নির্বাচনের কিছুদিন আগে সরকার এক লাখ ৭০ হাজার তামিলকে বন্দিশিবির থেকে সরিয়ে নেয়। কিন্তু তারা এখনো নিজ ঘরে ফিরতে পারেনি। নিজ নিজ জেলায় ‘ট্রানজিট সেন্টারে’ আটক রয়েছে তারা। আর বন্দিশিবিরে রয়েছে আরও এক লাখ তামিল।এ অবস্থায় তামিলদের জন্য এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও উত্তর-পূর্বাঞ্চলে ভোটের দিন ব্যাপক বোমাবাজি ও জাল ভোটের কথা শোনা গেছে। আর ভোট দেওয়ার হারও ছিল তুলনামূলক কম। তামিলদের ভোট জেনারেল শরত্ বেশি পেয়েছেন। তবে তামিলরা ফনসেকাকে ভালোবেসে ভোট দেয়নি, রাজাপক্ষের সরকারকে ঘৃণা করে বলেই তাঁকে দিয়েছে। এর আগে ২০০৫ সালের নির্বাচন তারা বর্জন করেছিল, যে নির্বাচনে রনিল বিক্রমাসিংহেকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন রাজাপক্ষে।গৃহযুদ্ধ-পরবর্তী এ নির্বাচন শ্রীলঙ্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিংহলিরা চায় হানাহানিমুক্ত থাকতে। তবে তামিলরাও তাদের মতো সুবিধা পাক, তা মেনে নিতে পারে না। সিংহলিদের শ্রেষ্ঠত্ব মেনে তামিলরা শ্রীলঙ্কায় বসবাস করতে পারে, এ রকমই মত ও মানসিকতা তাদের। নিজেদের তারা সিংহলি হিসেবে দেখে, শ্রীলঙ্কান হিসেবে নয়। তেমনি তামিলদের বড় অংশটিও অশান্তি চায় না। একই সঙ্গে তাদের অধিকার প্রতিষ্ঠার জায়গাও কোনো ছাড় দেওয়া তারা মেনে নিতে পারে না। এই মানসিক ব্যবধান কমিয়ে আনাই হবে নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতা যেকোনো দ্বীপরাষ্ট্রটিকে ফের অগ্নিগর্ভে পরিণত করতে পারে।