সংগীত চর্চাকেন্দ্র শ্রুতি অঙ্গন বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদ্বীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন। স্বাগত বক্তব্য দেন শিল্পী লিটন দাশ।
শীলা মোমেন বলেন, নতুন প্রজন্মকে শাস্ত্রীয় ও নজরুল সংগীত চর্চায় উদ্বুদ্ধ করতে শ্রুতি অঙ্গনের মতো সংগঠনগুলোর অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানের শুরুতে নোটন প্রসাদ ঘোষের পরিচালনায় শ্রুতি অঙ্গনের শিল্পীরা সমবেত কণ্ঠে পটদীপ রাগে পরিবেশন করেন ‘ডাকে শুধু পিয়া পিয়া মুরলিয়া’ গানটি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভূপালি রাগে খেয়াল পরিবেশন করেন সৈকত দত্ত। তাঁকে হারামোনিয়ামে সহযোগিতা করেন লিটন দাশ, তবলায় পাভেল বড়ুয়া এবং তানপুরায় সীমা নন্দী। এরপর ভূপালি ও ইমন রাগে ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে’ শিরোনামে নজরুলগীতি পরিবেশন করেন নিলয় দাশ। ভীমপ্রলশ্রী রাগে খেয়াল পরিবেশন করেন লিটন দাশ। একই রাগে ‘আসে বসন্ত ফুল বনে’ গানটি গেয়ে শোনান সারিনা ফারহা। এরপর শিবরঞ্জনী ও মেঘ রাগে খেয়াল পরিবেশন করেন মালবিকা দাশ। নজরুলগীতি ‘ওগো বৈশাখী ঝড়’ পরিবেশন করেন ধীমান নন্দী। বেহাগ রাগে খেয়াল ও বসন্ত রাগে ঠুমরি গেয়ে দর্শকদের অনুভবের গভীরে নিয়ে যান রাজেশ সাহা।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’—একুশের এই গানের সমবেত পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।