শ্রুতি অঙ্গনের শাস্ত্রীয় সংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসি মিলনায়তনে শাস্ত্রীয় সংগীতের আসরে সংগীত পরিবেশন করেন লিটন মিত্র
টিআইসি মিলনায়তনে শাস্ত্রীয় সংগীতের আসরে সংগীত পরিবেশন করেন লিটন মিত্র

কখনো মেঘমল্লার আবার কখনো মিয়াকী মল্লার। সঙ্গে ছিল ভীমপ্রলশ্রী, একতাল, দ্বিতাল ও দ্রুতলয়ের রাগ। পিনপতন নীরবতায় শুনেছেন দর্শক-শ্রোতা। মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা।
১২ আগস্ট ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘বর্ষার ঘনঘটায় মেঘমল্লার ও মিয়াকী মল্লারে সুরবর্ণালী’ শীর্ষক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করে শ্রুতি অঙ্গন বাংলাদেশ।
নীরদ বরণ বড়ুয়ার প্রতিকৃতিতে মঙ্গলদীপ জ্বালিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সঙ্গে ‘হে মোর সুরের গুরু বন্দিতব রাতুল চরণ’ সমবেত সংগীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। সমবেত সংগীতের পর দিবা তৃতীয় প্রহরের রাগ ভীমপ্রলশ্রী পরিবেশন করেন শিল্পী সৈকত দত্ত। তিনি গাইলেন ‘বারি বেগুমান না করিয়ে সজনী’ ও ‘যা জারে আপনে মন্দির বাজা’। তাঁর গানের সঙ্গে তবলায় বোল তোলেন জয় প্রকাশ ভট্টাচার্য, তানপুরায় ছিলেন পাপড়ি সিকদার ও কাঁকন মজুমদার।
এরপর সেতারে বিলম্বিত একতাল ও দ্রুত তিনতালে রাগ দেশ ও সেতারে ঝালা পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী মিহির কানুনগো। তবলায় সহযোগিতায় করেন সুশান্ত কর চৌধুরী। শিল্পী মিহির কানুনগোর পর রাগ মেঘমল্লার পরিবেশন করেন লিটন দাশ। তিনি বিলম্বিত এক তালে গাইলেন ‘প্রিয়া ঘর নাহি আয়ি’, দ্রুত তিন তালে গাইলেন ‘গগন গরজত চমকত দামিনী’ ও ‘বরষণে লাগি শ্রাবণ বধিয়া তেরে বীণা লাগে না মোরা জিয়া’ ঠুমরিটি পরিবেশন করেন। শিল্পীর পরিবেশনায় বর্ষার ঘনঘটায় অনুপস্থিত প্রিয়জনকে পাওয়ার যে আকুলতা তা ফুটে ওঠে। সর্বশেষ পরিবেশনায় ছিলেন ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার শিষ্য অরুণ বড়ুয়া। তিনি পরিবেশন করেন রাগ দরবারি।
আয়োজনের প্রথম পর্বের শুরুতে অধ্যাপক বেনু কুমার দের সভাপতিত্বে কথামালায় বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মুস্তাফিজুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উইলিয়াম ডি সাংমা। বক্তারা বলেন, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া চট্টগ্রামে তথা সারা বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের নবযুগের সূচনা করেছিলেন। তাঁর হাত ধরেই তৈরি হয়েছেন অনেক গুণী শিল্পী।