শ্রুতিঅঙ্গনের সুরের আবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয় সংগীতের আসরে এক শিল্পীর পরিবেশনা
শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয় সংগীতের আসরে এক শিল্পীর পরিবেশনা

কখনো খেয়াল, কখনো ভজন চলল আসরে। পাশাপাশি ছিল তবলার লহরা আর সেতারের ঝংকার। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ২২ জানুয়ারি সন্ধ্যায় এমনই সুরের ধারায় দর্শক–শ্রোতাদের ভাসিয়েছিল শাস্ত্রীয় সংগীত শিল্পীরা। মনোমুগ্ধকর এই আসরের আয়জন করে শাস্ত্রীয় সংগীতের সংগঠন শ্রুতিঅঙ্গন।
শ্রুতিঅঙ্গনের চতুর্থ শাস্ত্রীয় সংগীত সম্মিলন ছিল এটি। আসরের শুরুতে ছিল গুণীজন সংবর্ধনা। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় তবলাগুরু পণ্ডিত বিজন কুমার চৌধুরী ও অধ্যাপক জীবন চন্দ্র পালকে। সম্মিলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন বেণু কুমার দে। অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জাঁ নেসার ওসমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উইলিয়াম ডি সাংমা ও অন্তশ্রী দে।
সংগীত আসরের শুরুতে শ্রুতিঅঙ্গনের ৫৫ জন শিল্পী সমবেত কণ্ঠে পরিবেশন করেন রাগ ভূপালি। এরপর শাস্ত্রীয় সংগীত প্রচার ও প্রসারের জন্য পাঁচজন গুণী শিল্পীকে সংবর্ধিত করা হয়। তাঁরা হলেন উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, শিল্পী মিহির কানুনগো, পণ্ডিত কিরণময় চৌধুরী, কবিয়াল অশ্বিনী দাশ ও শিল্পী মালবিকা দাশ।
সংবর্ধনা অনুষ্ঠানের পর ইমন রাগে খেয়াল পরিবেশন করেন নিপা দত্ত। শিল্পীকে সহযোগিতা করেন তবলায় পাভেল বড়ুয়া, তানপুরায় সীমা নন্দী ও হারমোনিয়ামে সৈকত দত্ত। নিপা দত্তের পরই তবলায় লহরা পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার শিল্পী সঞ্জয় রঞ্জন পাল। এরপর বেহাগ রাগে বিলম্বিত ও দ্রুত ত্রিতালে খেয়াল পরিবেশন করেন চট্টগ্রামের লিটন দাশ, তাঁর সঙ্গে তবলায় ছিলেন পাভেল বড়ুয়া, তানপুরায় কাঁকন মজুমদার, হারমোনিয়ামে নিলয় দত্ত। সবশেষে বাগেশ্রী রাগে সেতার বাজিয়ে শোনান শিল্পী সত্যজিৎ চক্রবর্তী।

পথশিশুর গল্প

শিশু কামালের বেড়ে ওঠা পথেই। মা থেকেও নেই। ঠিকমতো খাবার জোটে না। পদে পদে লাঞ্ছনা সয়ে এক সময় তার মধ্যে জন্ম নেয় ক্ষোভ। এভাবেই এগিয়ে যায় কাহিনি।

২২ জানুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারির নিচতলায় প্রদর্শিত হয় পথশিশুর জীবন নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্টোরি অব দ্য স্ট্রিট চাইল্ড। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জিপসি রুদ্র। ১৫ মিনিট ৫৬ সেকেন্ডের চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছে, দেওয়ান হাট সেতুর নিচের বস্তিতে, চট্টগ্রাম রেলস্টেশন, ষোলশহর রেলস্টেশন, কর্ণফুলী সেতু ও শহরের বিভিন্ন অলিগলিতে। অভিনয় করেছে শাকিল, ফ্রিয়া ফ্লোরা, সাব্বির, ইউসুফ, ঠাকুর প্রসাদ, সৌরভ আশসাদ ও চট্টগ্রাম আউটার স্টেড়িয়ামের পথশিশুরা।