
গ্রামের ছেলে রূপাইয়ের কাঁধ পর্যন্ত চুল। গায়ের রং কালো হলেও সে ভালো ঘর বাঁধতে জানে। বাজায় মনভোলানো বাঁশিও। তার মতো আর কেউ গান গাইতেও পারে না। এই রূপাইয়ের সঙ্গে পাশের গ্রামের মেয়ে সাজুর মন দেওয়া-নেওয়া। সুখের সংসারও পাতে তারা। কিন্তু সে সুখের সংসার স্থায়ী হয় না। জীবন রূপাইকে বাধ্য করে ফেরারি হতে। সাজুর সঙ্গে বিচ্ছেদ হয় তার। আর সাজু বিচ্ছেদবেদনার সব রূপকল্প ফুটিয়ে তোলে নকশি কাঁথায়।
করুণ-সুন্দর আখ্যান জসীম উদ্দীনের নক্সী কাঁথার মাঠ-এর কাহিনি এমনই। এ দেশের জল, মাটি ও মানুষের জীবনের এমন শিল্পিত রূপায়ণও বলা হয় এটিকে। কে ভুলতে পারে সেই অমর পঙ্ক্তি, ‘সেই হতে গাঁর নামটি হয়েছে নক্সী কাঁথার মাঠ/ ছেলে বুড়ো গাঁর সকলেই জানে ইহার করুণ পাঠ’।
জসীম উদ্দীনের অমর এই কাব্য পাঠ শেষ হওয়ার পর অনেক দর্শকের চোখই ছলছল করছিল। ২৬ এপ্রিল সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে উপস্থিত দর্শকদের এমন আবেগে ভাসিয়েছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস। তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের শ্রুতিরূপ শুনিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের।
একক ও সমবেত কণ্ঠে আবৃত্তির পাশাপাশি গ্রামীণ পুঁথির সুর সংযোজন করা হয়েছে এই প্রযোজনায়। সেই সঙ্গে বড় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে নক্সী কাঁথার মাঠের নানা চিত্র ও অলংকরণ।
প্রতিটি চরিত্রে শিল্পীদের পরিবেশনায় বেশ চর্চার ছাপ থাকলেও পরিবেশনাটি একটু দীর্ঘ ছিল। প্রযোজনার বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন মিঠু তলাপাত্র, শ্রাবণী দাশগুপ্তা, সেঁজুতি দে, আল তুষি, রুবেল চৌধুরী, স্বপ্নিল বড়ুয়া, আরমান হাফিজ, সুস্মিতা দত্ত, সুমি বিশ্বাস, আনিকা চৌধুরী, হিরণ্ময় বড়ুয়া, গার্গী দেব, সুস্মিতা দাশ, প্রান্তিকা সাহা, শিউলি চৌধুরী, ইমাম হোসাইন ও ইভা সাহা। নির্দেশনায় ছিলেন মো. মুজাহিদুল ইসলাম। এটির মঞ্চ ও পোশাক পরিকল্পনায় ছিলেন ফারুক তাহের এবং আলোক পরিকল্পনায় ছিলেন মোসলেম উদ্দীন শিকদার।