শঙ্খের ভাঙনের কারণে চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের আনোয়ারুল উলুম মাদ্রাসা স্থান বদল করেছে চারবার। সাত বছর আগে নতুন জায়গায় কার্যক্রম শুরু হলেও গড়ে ওঠেনি পর্যাপ্ত অবকাঠামো। বাঁশ ও টিনের ছাউনি দেওয়া ভবনে চলছে পাঠের কার্যক্রম। অনেক শ্রেণিকক্ষের দরজা-জানালাও নেই। নেই পর্যাপ্ত আসবাব। রয়েছে শিক্ষক সংকটও।
ইবতেদায়ি থেকে দশম শ্রেণি পর্যন্ত এমপিওভুক্ত এই মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে সাড়ে ছয় শয়েরও বেশি। শিক্ষার্থীর তুলনায় পর্যাপ্ত অবকাঠামো না থাকায় পাঠদান চলে দুই পালায়। মাদ্রাসার ইবতেদায়ি (প্রাথমিক) পর্যায়ের পাঠদান শেষ হলে শুরু হয় মাধ্যমিকের ক্লাস। তবে এরপরও শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর স্থান সংকুলান হয় না। পর্যাপ্ত আসবাবপত্র না থাকায় শিক্ষার্থীদের বসতে হয় গাদাগাদি করে।
আনোয়ারুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালে আনোয়ারার লামারবাজার এলাকার ২৯ শতক জায়গায় নতুন করে যাত্রা শুরু করে মাদ্রাসাটি। সেখানে আধা পাকা ও একটি টিনের ছাউনিযুক্ত ভবনে চলছে পাঠদান। দুই ভবনে সব মিলিয়ে শ্রেণিকক্ষ আছে পাঁচটি। সম্প্রতি একটি বেসরকারি সংস্থা মাদ্রাসায় একটি পাকা ভবন ও মসজিদ নির্মাণ করে দেয়। তবে নবনির্মিত এক কক্ষবিশিষ্ট ভবনটি মাদ্রাসার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
গত শনিবার বেলা ১১টায় আনোয়ারুল উলুম মাদ্রাসায় গিয়ে দেখা যায়, একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ক্লাস চলছে। টিনের ছাউনি দেওয়া শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসেছে ৭৬ জন শিক্ষার্থী। ওই শ্রেণিকক্ষে নেই কোনো দরজা ও জানালা।
নানা সমস্যায় জর্জরিত এই মাদ্রাসায় রয়েছে শিক্ষক সংকটও। বর্তমানে মাদ্রাসায় ১১ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন ছয়জন। শিক্ষকের অভাবে কম্পিউটার ও শরীরচর্চা বিষয়ে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। খেলার মাঠ না থাকায় খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিশুরা।
স্থানীয় একটি মসজিদের ইমাম ও ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম বলেন, ‘আমরা এ মাদ্রাসায় পড়েছি। তবে এখন এ মাদ্রাসার অবস্থা দেখে হতাশ হয়ে পড়ি। বারবার নদের ভাঙনে স্থান পরিবর্তন করতে হয়েছে মাদ্রাসাটিকে। এখন শিক্ষক ও অবকাঠামোগত সংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান।’
মাদ্রাসার শিক্ষক ছাবেকুন নাহার বলেন, ‘এটি নানা সমস্যায় জর্জরিত। বর্ষাকালে এবং জোয়ারের পানি বাড়লে মাদ্রাসার আঙিনায় পানি ওঠে। এ সময় শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে থাকি। তারপরও আমরা আন্তরিকভাবে পাঠদান করে যাচ্ছি।’
মাদ্রাসার অধ্যক্ষ মফিজ উদ্দিন সিকদার বলেন, ‘মাদ্রাসায় শ্রেণিকক্ষ ও শিক্ষকস্বল্পতা রয়েছে। তারপরও শিক্ষকেরা পাঠদান করছেন আন্তরিকভাবে।’
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, আনোয়ারুল উলুম মাদ্রাসার নানা সমস্যা রয়েছে। ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করা হবে। এ জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।