শ্রেণিকক্ষসংকট, দাঁড়িয়েও পাঠ নিতে হয় শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ শ্রেণির মানবিক বিভাগে চলছে পাঠদান, কিন্তু অপরিসর শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর বসার সুযোগ হয়নি। তাই অনেকেই পাঠ নিচ্ছে দাঁড়িয়ে। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে তোলা l প্রথম আলো
একাদশ শ্রেণির মানবিক বিভাগে চলছে পাঠদান, কিন্তু অপরিসর শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর বসার সুযোগ হয়নি। তাই অনেকেই পাঠ নিচ্ছে দাঁড়িয়ে। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে তোলা l প্রথম আলো

শ্রেণিকক্ষের সব বেঞ্চে গাদাগাদি করে বসা শিক্ষার্থীরা। বেঞ্চে জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে পাঠ নিচ্ছে অনেকে। ৫০ বাই ২৫ ফুটের কক্ষটিতে অবস্থান করছে ১৫০ জন শিক্ষার্থী। শিক্ষকের পাঠদানের গুরুত্বপূর্ণ কিছু লিখতে হলে বেগ পেতে হচ্ছে। পাঠদান করতে শিক্ষকেরও গলদঘর্ম অবস্থা।
এ চিত্র খাগড়াছড়ির সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের পাঠদানের। সম্প্রতি কলেজে গেলে এই চিত্র চোখে পড়ে। শুধু একাদশ নয়, দ্বাদশ, স্নাতক (পাস ও সম্মান) ও স্নাতকোত্তরেও শ্রেণিকক্ষসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান।
একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী কাকলী মারমা বলে, ‘প্রায় সময় বেঞ্চে বসতে পারি না। ৪৫ মিনিট দাঁড়িয়ে ক্লাস করতে খুব কষ্ট হয়।’
কলেজ সূত্র জানায়, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণ হয় ১৯৮০ সালে। বর্তমানে কলেজের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীর সংখ্যা চার হাজারের বেশি। একাদশ-দ্বাদশ, স্নাতক (পাস) ছাড়াও ইতিহাসের সম্মান এবং রাষ্ট্রবিজ্ঞানবিষয়ের সম্মান ও স্নাতকোত্তর শ্রেণি চালু রয়েছে। কলেজে শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ১২টি। শিক্ষার্থী অনুপাতে শ্রেণিকক্ষ দরকার কমপক্ষে ২০ থেকে ২৫টি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন মজুমদার বলেন, রাষ্ট্রবিজ্ঞানের সম্মান ও স্নাতকোত্তরের ক্লাসের জন্য পাঁচটি কক্ষ প্রয়োজন। এখন আছে মাত্র দুটি। এ ছাড়া এখানে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এবং অভ্যন্তরীণ পরীক্ষা হয়। কলেজের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আলাদা কোনো কক্ষ না থাকায় অনেক সময় শ্রেণি কার্যক্রম বন্ধ করেই পরীক্ষা নিতে হয়।
এদিকে এইচএসসিতে কলেজের বেশির ভাগ শিক্ষার্থী ফেল করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ১০ শতাংশ শিক্ষার্থী এই বিষয়ে খারাপ করেছে। অথচ এ বিষয়ের যথাযথ পাঠদানের ব্যবস্থা নেই।
আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান বলেন, ‘কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪০০ শিক্ষার্থীর জন্য কম্পিউটার প্রয়োজন কমপক্ষে ৩০টি। ল্যাবে আছে মাত্র ১টি কম্পিউটার। এখন সেটিও নষ্ট। পর্যাপ্ত কম্পিউটার না থাকায় শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস বন্ধ রয়েছে। এর ফলে তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে আছে শিক্ষার্থীরা।
আছে আবাসন ও শিক্ষকসংকট: আবাসন সংকটের ফলে অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। বাসভবন নেই কলেজের অধ্যক্ষের জন্যও। শিক্ষকদের জন্য একটি ডরমিটরি থাকলেও তা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে শিক্ষক নিবাসটি। এ ছাড়া ছাত্রাবাস না থাকায় দূরদূরান্ত থেকে কলেজে পড়তে আসা শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক থেকে কলেজে পড়তে আসা একাদশ শ্রেণির শিক্ষার্থী জগৎ ত্রিপুরা বলে, ‘সূর্য ওঠার আগেই কলেজের উদ্দেশে রওনা দিতে হয়। সময়মতো গাড়ি পাওয়া না গেলে ক্লাস করা হয় না। আর ক্লাস শেষে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসে।’
কলেজ সূত্র জানায়, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ মোট ৪৬টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন ৩৪ জন। বাংলা বিভাগের ৪ জন শিক্ষকের বিপরীতে ১ জন প্রভাষক থাকলেও তিনি চার মাসের প্রশিক্ষণে থাকায় কিছুদিন অতিথি একজন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হয়। এখন কোনো শিক্ষক নেই এই বিভাগে। এ ছাড়া স্নাতক (সম্মান) চালু হওয়া দুটি বিভাগেও শিক্ষকসংকট রয়েছে।
কলেজের তথ্য কর্মকর্তা ও প্রভাষক মো. রাশেদুল হক বলেন, ‘২০০৮ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। বর্তমানে বিষয়টির স্নাতকোত্তরও চালু হয়েছে। অথচ উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পাঠদান কার্যক্রম চলছে মাত্র তিনজন শিক্ষক দিয়ে। অপরদিকে ২০১০ সালে চালু হয় ইতিহাস বিষয়ের স্নাতক (সম্মান)। এতেও উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তরের ক্লাস চলছে চারজন শিক্ষক দিয়ে। অথচ এনাম কমিশনের সুপারিশ হিসেবে স্নাতকোত্তর থাকা বিষয়ের জন্য ১২ ও স্নাতকের (সম্মান) জন্য ৭ জন শিক্ষক থাকার কথা।’
বাস নষ্ট, যাতায়াতে কষ্ট: কলেজের দুটি বাসের মধ্যে একটি দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়ে আছে। একটিমাত্র কলেজ বাস দিয়ে জেলার ৯টি উপজেলার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। সপ্তাহে দুই দিন বাস যায় উপজেলাগুলোতে। বাকি দিনগুলো কষ্ট করে আসতে হয় শিক্ষার্থীদের।
মাটিরাঙ্গা বেলছড়ি থেকে আসা স্নাতকের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, এত দূর থেকে এসে প্রায়ই প্রথম ক্লাস পাওয়া যায় না। কলেজ বাসটি যদি ঠিক করা হতো তাহলে আমাদের গাড়ির জন্য ভোগান্তি কমে যেত।
কলেজের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী তৃনয়া চাকমা বলেন, ‘কলেজের এসব সমস্যা নিরসনের দাবিতে একাধিকবার মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হলেও কোনো লাভ হয়নি।’
কলেজের অধ্যক্ষ মো. আবদুস সবুর খান বলেন, ‘এসব সংকট উত্তরণে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরও কোনো ফল পাওয়া যায়নি। খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাচীনতম এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগির উদ্যোগ নেবে বলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা।’