শ্রেণিকক্ষ-সংকটে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট উচ্চবিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে শ্রেণিকক্ষ–সংকটের কারণে। শ্রেণিকক্ষে বসতে না পেরে অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যায় ক্লাস না করেই।
মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর চার শতাধিক শিক্ষার্থী নিয়ে বেড়ার ঘরে পাঠদান শুরু হয়। ১৯৯৬ সালে নিম্নমাধ্যমিক পর্যন্ত পাঠদানের অনুমোদন পায় বিদ্যালয়টি এবং ১৯৯৯ সালে এমপিওভুক্তও হয়। এরপর শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় ও ফলাফল সন্তোষজনক হওয়ায় ২০০৫ সালে শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ানোর অনুমোদন পায় বিদ্যালয়টি। কিন্তু মাধ্যমিক স্তরের অবকাঠামো নির্মাণ ও শিক্ষক নিয়োগের জন্য কোনো সরকারি সহায়তা পায়নি বিদ্যালয়টি। এই স্তরের শিক্ষকেরা এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকও নিয়োগ দিতে পারছে না বিদ্যালয় পরিচালনা কমিটি। এ কারণে নিম্নমাধ্যমিক শ্রেণির আটজন শিক্ষক মাধ্যমিক শ্রেণির পাঠদান করছেন। তবে নিয়ম অনুযায়ী নিম্নমাধ্যমিকে আটজন ও মাধ্যমিকের জন্য ১৪ শিক্ষক থাকার কথা।
বাঘাইহাট উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দুটি ভবনে ১০টি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি শিক্ষকদের কার্যালয় ও অপরটি মিলনায়তন। বাকি আটটি কক্ষে পাঠদান করা হয়। প্রতিটি শ্রেণিকক্ষে ৫০ জন শিক্ষার্থীর বসার জায়গা থাকলেও এর প্রায় দ্বিগুণ–সংখ্যক শিক্ষার্থী গাদাগাদি করে বসে। বিদ্যালয়ের ৯৯১ জন শিক্ষার্থীর জন্য আরও অন্তত ১০টি শ্রেণিকক্ষ প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষক ও অভিভাবকেরা।
সম্প্রতি বিদ্যালয়টিতে গেলে দেখা যায়, ভেতরে জায়গা না পেয়ে শ্রেণিকক্ষের বাইরেও অনেক শিক্ষার্থী শিক্ষা ঘোরাঘুরি করছে। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিপন চাকমা, সপ্তম শ্রেণির ছাত্র নয়ন জ্যোতি চাকমা ও অষ্টম শ্রেণির ছাত্র পরিমল চাকমা জানায়, স্কুলে গিয়ে তারা বসার জায়গা পায় না। এ কারণে ক্লাস করতে পারে না মাঝেমধ্যে।
অভিভাবক বিদ্যাসাগর চাকমা ও মানস কান্তি চাকমা বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে গিয়েও সঠিক পাঠদান পাচ্ছে না। বসার জায়গা না পেয়ে ক্লাস না করে চলে আসছে। আমরা গরিব জুমচাষি। দূরে কোথাও নিয়ে ছেলেমেয়েদের পড়াব, সে সামর্থ্য আমাদের নেই।’
প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা বলেন, প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য মাত্র আটটি শ্রেণিকক্ষ রয়েছে। ৪০ জনের কক্ষের জায়গায় ৭০ জন পর্যন্ত শিক্ষার্থী নিয়ে ক্লাস করানো হচ্ছে। তারপরও অনেক শিক্ষার্থী বাইরে রয়ে যায়। একই সঙ্গে শিক্ষকস্বল্পতাও রয়েছে। নিম্নমাধ্যমিক আটজনের শিক্ষক দিয়ে ১৪ জনের মাধ্যমিকের পাঠদান করা হচ্ছে। বাঘাইহাট উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সাজেক ইউনিয়নে একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। শ্রেণিকক্ষ ও শিক্ষকের জন্য সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। শিক্ষক ও শ্রেণিকক্ষ অনুযায়ী দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী রয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর মোহাম্মদ বলেন, বাঘাইহাট উচ্চবিদ্যালয়টি শুধু নিম্নমাধ্যমিকের এমপিও হয়েছে, কিন্তু মাধ্যমিকের পাঠদানের অুনমতি পেলেও এখনো এমপিও হয়নি। এমপিও না হওয়ায় শিক্ষক নিয়োগ দিতে পারছে না। সে জন্য শিক্ষকস্বল্পতা রয়েছে।