রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের বঙ্গলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত চালু করা হলেও শ্রেণিকক্ষ ও শিক্ষক–সংকটে পাঠদান বন্ধ হয়ে গেছে। ফলে মাধ্যমিকে ভর্তি হওয়া ৩৪ জন শিক্ষার্থী বিপাকে পড়েছে।
শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলায় ২০১৩ সালে একটি মাত্র প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু করার অনুমতি দেওয়া হয়। শুরুতে ষষ্ঠ থেকে অষ্টম এই তিন শ্রেণিতে ৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে নিয়মিত পাঠদান না হওয়ায় দুই বছরে শিক্ষার্থীর সংখ্যা কমে ৩৪ জনে দাঁড়িয়েছে। দুই বছর ধরে একটি কক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের বসিয়ে কোনো রকমে পাঠদান করছেন শিক্ষকেরা। কিন্তু এ বছর প্রাথমিক স্তরে শিক্ষার্থী বেড়ে যাওয়ায় তা আর সম্ভব হচ্ছে না। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কোনো ক্লাস হয়নি। বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা খেলাধুলা করে বাড়ি ফিরে যাচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দুই কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। এতে ব্যয় ধরা হয় ১৯ লাখ টাকা। পরবর্তী সময়ে ২০১০ সালে আরও ২২ লাখ টাকা ব্যয়ে তিন কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। দুই ভবনের পাঁচটি কক্ষের মধ্যে একটি শিক্ষক মিলনায়তন ও চারটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। শ্রেণিকক্ষগুলোতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান করা হয়। দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস নেওয়া হলে বাড়তি কোনো কক্ষ থাকে না। এতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে মাধ্যমিক স্তরের জন্য কমপক্ষে আটজন শিক্ষক প্রয়োজন হলেও কর্মরত আছেন ছয়জন। এর মধ্যে একজন শিক্ষক সাত মাস ধরে কর্মস্থলে আসেন না।
অষ্টম শ্রেণির ছাত্র জীবন চাকমা ও সপ্তম শ্রেণির সুখেন চাকমা বলে, ‘আমরা ভর্তি হওয়ার পর বই পেয়েছি। কিন্তু শ্রেণিকক্ষ না থাকায় গত দুই মাসে একবারের জন্যও ক্লাস করতে পারিনি। শুধু বিদ্যালয়ে গিয়ে খেলাধুলা করে চলে আসি। এভাবে চলতে থাকলে পরীক্ষার ফল খারাপ হবে।’
অভিভাবক সমরবিন্দু চাকমা ও বিনয় জীবন চাকমা বলেন, ‘ছেলেমেয়েদের ভর্তি করার সময় নিয়মিত ক্লাস ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এখন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা ক্লাস না করে চলে আসছে। এ অবস্থায় আমাদের সন্তানদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুভলাল চাকমা বলেন, ‘আমরা শ্রেণিকক্ষ ও শিক্ষকের জন্য প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আবেদন করেছি। শিক্ষা কার্যালয়ের নির্দেশক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু কক্ষ–সংকটের কারণে ক্লাস নেওয়া যাচ্ছে না।’
প্রধান শিক্ষক বিকাশন খীসা বলেন, প্রাথমিক পর্যায়ে দেড় শতাধিক শিক্ষার্থীকে চারটি কক্ষে কোনো রকমে পাঠদান করা হচ্ছে। কিন্তু কক্ষ–সংকটের কারণে নিম্নমমাধ্যমিক পর্যায়ে কোনো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া শিক্ষকও অপ্রতুল। ছয়জন শিক্ষকের মধ্যে দীর্ঘদিন ধরে একজন সহকারী শিক্ষক বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন। অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস নিতে গেলে কমপক্ষে ১০ জন শিক্ষক প্রয়োজন। এ অবস্থার কারণে ভবিষ্যতে নিম্নমাধ্যমিক পর্যায়ে কোনো শিক্ষার্থী ভর্তি হবে না।
ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কক্ষ সম্প্রসারণের জন্য জেলা শিক্ষা কার্যালয়ে জানানো হয়েছে। ভবিষ্যতে পর্যাপ্ত শিক্ষকও নিয়োগ দেওয়া হবে। অনুপস্থিত শিক্ষক রাজীব কুমার নাথের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, বঙ্গলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও শিক্ষক–সংকট চলছে। শ্রেণিকক্ষ সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।