শ্রেণীকক্ষ, মিলনায়তন, খেলার মাঠ ও শৌচাগারের অভাব ইসলামিয়া কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে সুষ্ঠু পাঠ দেওয়া-নেওয়া ব্যাহত হচ্ছে চট্টগ্রামের ইসলামিয়া ডিগ্রি কলেজে। এ ছাড়া আছে মনোবিজ্ঞান বিভাগের পরীক্ষাগার (ল্যাবরেটরি), মিলনায়তন, শৌচাগার, ক্যানটিন ও খেলার মাঠের অভাব। পর্যাপ্ত সরকারি অনুদান না পাওয়ায় কলেজের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামিয়া উচ্চমাধ্যমিক কলেজ। ১৯৯০ সালে এটি ডিগ্রি কলেজে উন্নীত হয়। ২০০৭ সালে চালু হয় পাঁচটি বিষয়ে সম্মান (অনার্স) কোর্স। কলেজে বর্তমানে বিভিন্ন বিভাগে ছয় হাজার ৩১৯ জন পড়াশোনা করেন। এসব শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষ আছে মাত্র ২২টি। এর মধ্যে কিছু কক্ষে প্রায় দেড় শ, আর কিছু কক্ষে এক শ জন বসতে পারে। কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিটি শ্রেণীতে অতিরিক্ত ২০-৩০ জনকে বসতে হয় গাদাগাদি করে। বর্তমানে ১৫০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন আরও ১৪-১৫টি শ্রেণীকক্ষের প্রয়োজন বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী নিবেদিতা দাশ বলেন, ‘কলেজে স্বীকৃত কোনো মিলনায়তন নেই। একটি বড় শ্রেণীকক্ষকে মিলনায়তন হিসেবে ব্যবহার করা হচ্ছে। উপযুক্ত মিলনায়তন না থাকায় বিভিন্ন সময় অভ্যন্তরীণ অনুষ্ঠানগুলো কলেজের উঠোনেই করতে হয়। মাঠ না থাকায় কলেজে খেলাধুলার চর্চাও ব্যাহত হচ্ছে।’ কলেজে পদার্থবিজ্ঞান ও রসায়নবিজ্ঞান বিভাগের জন্য পরীক্ষাগার থাকলেও মনোবিজ্ঞান বিভাগের জন্য নেই। ফলে এ বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা দিতে যেতে হয় অন্য কোনো কলেজে। সরেজমিনে দেখা যায়, কলেজের শিক্ষা (একাডেমিক) ভবনের অনেক দরজা-জানালা ভাঙা। ছাদের পলেস্তারা খসে পড়ছে। ছয় হাজারের বেশি শিক্ষার্থীর জন্য শৌচাগার আছে মাত্র দুটি। সেগুলোরও কলকব্জা নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কলেজে কোনো ক্যানটিন নেই। ফলে শিক্ষার্থীদের বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হয়। কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি কমনরুম (মিলনায়তন) থাকলেও সেখানে বসার জন্য কোনো টুল (বেঞ্চ) বা খেলাধুলার সরঞ্জাম নেই। কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী পুষ্পিতা চৌধুরী বলেন, ‘কলেজের মিলনায়তনটি ছোট। বসা বা খেলাধুলার তেমন সুযোগ নেই। এ ছাড়া শৌচাগারের অবস্থাও তেমন ভালো নয়। সব মিলিয়ে বেশ সমস্যায় আছি আমরা।’অধ্যক্ষ মো. রেজাউল কবির বলেন, ‘আমরা কলেজের শ্রেণীকক্ষসংকট কাটানোর জন্য অনেক চেষ্টা করছি। শিক্ষা মন্ত্রণালয়ে ২০০২ সালে আবেদন করেছিলাম একটি ভবন নির্মাণের জন্য। কিন্তু কোনো ফল হয়নি। ১৯৯৮ সালে সরকারের কাছ থেকে পাওয়া কিছু অনুদানের টাকা দিয়ে একাডেমিক ভবনের চার ও পাঁচতলার কিছু অংশ নির্মাণ করেছি। এরপর আর কোনো অনুদান পাইনি। অর্থের অভাবে ছয়তলার ছাদ দেওয়া সম্ভব হয়নি।’ অধ্যক্ষ জানান, সুষ্ঠুভাবে শ্রেণীর কাজ চালানোর জন্য আরও ১৪-১৫টি কক্ষের প্রয়োজন। এ ব্যাপারে সম্প্রতি আবার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এ ছাড়া অন্য সমস্যাগুলোও সমাধানের চেষ্টা চলছে।