সরকারি কমার্স কলেজ ১৯৪৭ সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ কলেজে পড়াশোনা করে প্রায় ছয় হাজার শিক্ষার্থী। প্রতিষ্ঠাকাল থেকেই কলেজের শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক। বর্তমানে কলেজে একটি প্রশাসনিক-কাম-শিক্ষা (একাডেমিক) ভবন এবং এর দুটি শাখা ভবন, সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীর পাঠদানের জন্য একটি নতুন শিক্ষা ভবন ও একটি বড় মিলনায়তন আছে। তারপরও শিক্ষার্থীরা ঠিকভাবে ক্লাস করতে পারছে না। আরও কিছু শ্রেণীকক্ষ থাকলে বেশ ভালোভাবে ক্লাস করা যেত। এমবিএর শেষ বর্ষের ছাত্র মো. রেজাউল করিম বলেন, ‘কলেজে শ্রেণীকক্ষের সংখ্যা বেশ কম। শ্রেণীকক্ষ পর্যাপ্ত না থাকায় ক্লাস করতে বেশ সমস্যা হয়।’ রেজাউল করিম আক্ষেপ করে জানালেন, ‘কলেজে ক্যানটিনও নেই। তাই কলেজের বাইরে গিয়ে খাবার খেতে হয়। বেশ কষ্ট হয় আমাদের।’ সম্মান চতুর্থ বর্ষের ছাত্রী সাবিহা সিফাতী বলেন, ‘কলেজে ক্লাসসংকট তো আছেই। তা ছাড়া কলেজে একটি ক্যানটিনেরও প্রয়োজন রয়েছে। ক্যানটিন না থাকায় নাশতা করতে বাইরে যেতে হয়। তা ছাড়া মেয়েদের মিলনায়তনে (কমনরুম) একটি মাত্র শৌচাগার আছে। যা আমাদের জন্য পর্যাপ্ত নয়। আরও তিন-চারটি শৌচাগার থাকলে সুবিধা হতো।’ অধ্যক্ষ মো. আলী চৌধুরী বলেন, ‘একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করলে বেশ ভালো হতো। ছাত্ররা যদিও বলছে কলেজে ওয়াশরুমের সংকট রয়েছে কিন্তু আমার মনে হয় কলেজে যথেষ্ট পরিমাণ ওয়াশরুম আছে। তেমন কোনো সংকট নেই। আর ক্যানটিন একটি আমাদের কলেজে ছিল। কিছু সমস্যার কারণে তা এখন নেই। তা ছাড়া বর্তমানে ক্যানটিন খুলতে হলে খাবার দোকানের সহায়তা প্রয়োজন। কিন্তু কোনো খাবার দোকানের লোকই বর্তমানে কলেজে ক্যানটিন স্থাপন করতে ইচ্ছুক নয়। তারা বলে, কলেজের শিক্ষার্থীরা ক্যানটিন থেকে খাবার নিয়ে অনেক সময় টাকা দেয় না। বাকি রেখে দেয়। আর অনেক সময় টাকা পরিশোধ করতে বললে সমস্যা সৃষ্টি করে। তাই তারা ক্যানটিন করতে চায় না। আপাতত ক্যানটিন করতে পারব বলে মনে হচ্ছে না।’