শ্রেণীকক্ষ নেই গাছের ছায়া তো আছে!
মাথার ওপরে ছাদ নেই; নেই দেয়াল, দরজা-জানালা। তবু বিদ্যালয়ে আসার উৎসাহের কমতি নেই এতটুকু। গাছের ছায়া তো আছে। তার নিচে প্রকৃতির উদার জমিন। সেখানেই চলছে ওদের প্রথম পাঠ।এভাবেই চলছে খাগড়াছড়ি সদরের কমলছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ শিশুর প্রাক-প্রাথমিক শিক্ষা। বিদ্যালয়ে শ্রেণীকক্ষ অপ্রতুল হওয়ায় গাছের নিচে চটের বস্তার ওপর বসেই পড়তে হচ্ছে তাদের।সরকার এ বছর থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করেছে। এ জন্য প্রতিটি বিদ্যালয়ের একজন শিক্ষককে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।একেকটি বিদ্যালয়ের ৩০টি শিশুর জন্য বই-খাতাও দিয়েছে সরকার। শিশুরা বিদ্যালয়ে এসে পড়বে এবং লিখবে, তারপর বই-খাতা রেখে বাড়ি চলে যাবে। এই হলো প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য সরকারের পরিকল্পনা। তবে এই পরিকল্পনার বাস্তবায়ন কীভাবে হবে, জানেন না কমলছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের জন্য আলাদা শ্রেণীকক্ষ, আসবাবপত্র ইত্যাদির কোনো ব্যবস্থা করা হয়নি। এ কারণে আপাতত গাছতলাকে বানাতে হয়েছে শ্রেণীকক্ষ।সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, কমলছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি শ্রেণীকক্ষ ও একটি শিক্ষকের কক্ষ রয়েছে। তিনটি শ্রেণীকক্ষেই পাঠদান চলছে। আর প্রাক-প্রাথমিকের ১৯টি শিশুর জায়গা হয়েছে বিদ্যালয়ের উঠানে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অক্রেই মারমা বলেন, ‘শিশুদের আমরা কীভাবে পাঠদান করছি, তা কর্তৃপক্ষের অজানা নয়। শিক্ষা বিভাগের কর্মকর্তারাও আমাদের অসুবিধা স্বচক্ষে দেখে গেছেন। বৃষ্টি হলে শিশুদের ছুটি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিছুদিন পর শীতের মৌসুম শুরু হলে ঠান্ডার মধ্যে শিশুদের পাঠদান করা কঠিন হয়ে পড়বে।’একজন অভিভাবক আক্ষেপ করে বলেন, ‘আমাদের বাচ্চাদের যে অবস্থায় পাঠদান করা হচ্ছে, তা মানা যায় না। কিন্তু ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যালয়ে পাঠাই।’খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘এই বিদ্যালয়ের সমস্যার বিষয়টি আমাদের জানা আছে। প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য কোনো কোনো বিদ্যালয় একটি কক্ষে দুটি শ্রেণীর পাঠদানের ব্যবস্থা করেছে।’তিনি আরও জানান, প্রাক-প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে শুরু হলেও এর জন্য আলাদা অবকাঠামো সরকারের পক্ষ থেকে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়নি।খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষকদের বলা হয়েছে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ না থাকলে প্রয়োজনে বিদ্যালয়ের পাশে গাছতলায়, বারান্দায় হলেও পাঠদান করতে হবে। শিশুরা স্কুলে আসবে, খেলবে, লিখবে—এসব করতে করতে তাদের স্কুলে আসা-যাওয়ার অভ্যাস গড়ে উঠবে। এই শিশুদের কোনোভাবে ভয়ভীতি বা মারধর করা যাবে না।’