শ্রেণীকক্ষ-সংকট, ত্রিপলের নিচে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কাছেই পটিয়া উপজেলার শিকলবাহায় মধ্য শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। অথচ সরকারি সুযোগ-সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত এই বিদ্যালয়টি। শ্রেণীকক্ষের অভাবে বিদ্যালয়ের আড়াই শ শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়ে পাঠদান করতে বাধ্য হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রোদ-বৃষ্টিতে খোলা মাঠে বসে পড়ালেখা করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে শিশুরা।
বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, বিদ্যালয়টির অবস্থান পটিয়া উপজেলায় হলেও এটি আনোয়ারা-পশ্চিম পটিয়া সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত। এ কারণে পটিয়ার জনপ্রতিনিধিদের উপেক্ষার শিকার এটি। ফলে বিদ্যালয়টি শহরের এত কাছে থেকেও উন্নয়নবঞ্চিত রয়ে গেছে।
বর্তমানে বিদ্যালয়ের দুটি পাকা ভবনে চারটি শ্রেণীকক্ষ রয়েছে। কিন্তু এই চারটি শ্রেণীকক্ষে ৭৫১ শিক্ষার্থীর স্থান সংকুলান হয় না। প্রথম ও তৃতীয় শ্রেণীর আড়াই শ শিক্ষার্থীকে পাঠদান করা হয় বিদ্যালয়ের খেলার মাঠে ত্রিপল টানিয়ে। স্থানীয় জনসাধারণের আর্থিক সহযোগিতা নিয়েই চলছে বিদ্যালয়টি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ১১ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয় প্রতিষ্ঠার সময় নির্মিত তিন কক্ষবিশিষ্ট আধা পাকা ভবন জীর্ণ হয়ে পড়ায় গত বছর ডিসেম্বর মাসে ভেঙে ফেলা হয়। বিদ্যালয়ে নেই টুল-বেঞ্চসহ পর্যাপ্ত আসবাবও।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা জানান, স্থানীয় জনগণের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ে সৌচাগার নির্মাণ, নলকূপ স্থাপন ও প্রবেশপথে লোহার ফটক তৈরি করা হয়েছে। প্রতিটি শ্রেণীকক্ষে বৈদ্যুতিক পাখাও লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিলও পরিশোধ করেন তাঁরা।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলে, ‘খোলা মাঠে ত্রিপলের নিচে ক্লাস করতে গিয়ে অসহ্য গরম লাগে। গাদাগাদি করে বসতে হয় অনেক সময়। কিছুদিন আগে আমাদের সহপাঠী তৌহিদুল ইসলামের ওপর টুল পড়লে সে মারাত্মকভাবে আহত হয়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা রোকছার বলেন, বিদ্যালয়ের অবকাঠামো সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও লাভ হয়নি। এ বিষয়ে পটিয়ার স্থানীয় সাংসদও কোনো পদক্ষেপ নেননি।
পটিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লা বলেন, ‘বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। শিক্ষার্থীদের কষ্ট দেখে আমি নিজেও বিব্রতকর অবস্থায় আছি। মন্ত্রণালয়ে পাঠানো ভবন নির্মাণের তালিকায় এই বিদ্যালয়ের নামও রয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিল সরকারিভাবে দেওয়ার নিয়ম আছে। আমাদের কাছে প্রতি মাসে বিলের কপি পাঠালে আমরা তা পরিশোধের ব্যবস্থা করব।’