শ্রেণীকক্ষে জোয়ারের পানি
বেড়িবাঁধের ধসে পড়া অংশ দিয়ে নাফ নদীর জোয়ারের পানি ঢুকে পড়ছে টেকনাফ জালিয়াপাড়া নিবন্ধিত (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয় কক্ষে। ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি এলাকার ঘরবাড়ি, চিংড়ির ঘের, লবণমাঠ, শুঁটকি মহাল ও ফসলি জমি তলিয়ে গেছে।টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে, নাফ নদী থেকে ৭০ গজ দূরে অবস্থিত এ বিদ্যালয়ে ৩৮৬ জন শিক্ষার্থী পড়াশোনা করে। ভরা জোয়ারের সময় শ্রেণীকক্ষে পানি জমে আড়াই-তিন ফুট।বিদ্যালয় সূত্র জানায়, ১৬ এপ্রিল থেকে প্রথম-পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। জোয়ারের পানির কারণে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ তারিখের বাংলা, গণিত, ইংরেজি, সমাজ ও বিজ্ঞান পরীক্ষা দিতে পারেনি বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর দেড় শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয়ে পরীক্ষা চলে দুই পালায়। প্রথমে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত। এ পালায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর দেড় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। কারণ ওই সময় জোয়ারের পানি জমে ছিল শ্রেণীকক্ষে। দ্বিতীয় পালা বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ভেজা কক্ষ ও টুলে (বেঞ্চে) বসে পরীক্ষা দিচ্ছে। ২১ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, নাফ নদীসংলগ্ন টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় বেড়িবাঁধের ধসে পড়া অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে বিদ্যালয়ের সব শ্রেণীকক্ষে পানি ঢুকেছে। এ সময় বিদ্যালয়ের মূল্যবান আসবাবপত্র নাফ নদীর লোনা জল থেকে রক্ষা করতে সবাইকে ব্যস্ত ছিলেন। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। জানা গেছে, ১৯৯১, ১৯৯৪, ১৯৯৮, ২০০৭, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের বঙ্গোপসাগরে সৃষ্ট একের পর এক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে উপকূলীয় এ বেড়িবাঁধটির বিভিন্ন অংশে ফাটল ধরে। প্রতিবার সরকারি অর্থ ব্যয় করে কোনো কোনো সময় মেরামত করা হলেও তিন-চার মাসের মধ্যে আবার ধসে পড়ে।উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা আলী হোসেন ও উসমান গনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিডর ও আইলার পর থেকে প্রতিমাসে দুইবার পূর্ণিমা-অমাবস্যায় আমাদের ওপর অভিশাপ নেমে আসে। এলাকার মানুষের দুর্ভোগ সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের চোখে পড়ে না।’মধ্যম জালিয়াপাড়ার বাসিন্দা হামিদ হোসেন ও গিয়াস উদ্দিন জানান, ‘দীর্ঘদিন ধরে এ ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। পূর্ণিমার জোয়ারের পানি বেড়ে যায় বলে বেশি কিছু গ্রামও প্লাবিত হয়। ভাঙা বাঁধ পুনর্নির্মাণের কথা শুনে আসছি, কিন্তু কোনো উদ্যোগ চোখে পড়ছে না।জালিয়াপাড়া নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম বলেন, পরীক্ষার সময় বিদ্যালয়ের কক্ষগুলোতে পানি আসে তাই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ভেজা কক্ষ ও টুলে বসে পরীক্ষা দিচ্ছে। টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমদ জানান, কয়েক বছর ধরে জোয়ারের পানিতে পৌর এলাকার চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, সাইডপাড়াসহ কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক বসতবাড়িতে পানি ঢুকছে। টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ জানান, ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না হওয়ায় পৌর এলাকার পাঁচ শতাধিক পরিবারের প্রায় ২০ হাজার মানুষ ভোগান্তির শিকার। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী আবু তালহা প্রথম আলোকে বলেন, ভাঙা বাঁধের মেরামতকাজ কিছুদিনের মধ্যে শুরু করা হবে।উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আব্দুল্লাহ বলেন, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় প্রতিমাসে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেড়িবাঁধ মেরামতের কাজ আসন্ন বর্ষার আগে শেষ না হলে ভাঙনের কবল থেকে অন্যান্য বাঁধও রক্ষা করা যাবে না। তাই বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে মেরামতকাজ শেষ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন