শ্রেণীকক্ষে ঢুকেই ফুল পেল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি হওয়ার পর থেকে পাশের বাড়ির বড় ভাইবোনদের সঙ্গেই বিদ্যালয়ে যাওয়া-আসা করেছে হেলিনা ত্রিপুরা। কিন্তু আজ মা চন্দ্র দেবী ত্রিপুরার সঙ্গে বিদ্যালয়ে এসেছে সে। মায়ের হাত ধরে শ্রেণীকক্ষে ঢুকতেই শিক্ষকেরা হেলিনার হাতে একটি লাল গোলাপ তুলে দেন। মাথায় পরিয়ে দেন ঝলমলে টুপি। সব দেখেশুনে হেলিনার মনে হচ্ছিল যেন বিশেষ উৎসবের দিন আজ।গত শনিবার ২ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সদরের গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের এভাবেই বরণ করে নেন শিক্ষকেরা। নতুন ভর্তি হওয়া শিশুদের বিদ্যালয়ে আসতে উৎসাহী করে তুলতে পালিত হয় এই ব্যতিক্রমী শিশুবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমিতাভ বৈঞ্চব ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত শিশুবরণ অনুষ্ঠানে এসেছিলেন অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রমেন্দ্রনাথ পোদ্দার জানান, এ ধরনের অনুপ্রেরণামূলক অনুষ্ঠান সব জেলায় ছড়িয়ে দেওয়া দরকার। এতে শিশুরা বিদ্যালয়ে আসতে উৎসাহ বোধ করবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য প্রকাশ ত্রিপুরা জানান, ২০০৪ সাল থেকে প্রতিবছর শিশুবরণ অনুষ্ঠান পালন করা হচ্ছে। এর ফলে বিদ্যালয়ের শিশুরা লেখাপড়ায় মনোযোগী হচ্ছে, পরীক্ষায় ভালো ফল করছে। আশপাশের এলাকার সব শিশু এখন বিদ্যালয়ে যায় বলে তিনি জানান। অভিভাবকদের পক্ষে দীননাথ ত্রিপুরা ও নীতিবরণ ত্রিপুরা বক্তব্যে দেন। তাঁরা জানান, পরিবেশ এমন হতে হবে যাতে শিশুরা বিদ্যালয়ে আসতে উৎসাহ বোধ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ বছর প্রথম শ্রেণীতে ৩৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সেভ দ্য চিল্ড্রেনের আর্থিক সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি ও বিদ্যালয় পরিচালনা কমিটি যৌথভাবে শিশুবরণ অনুষ্ঠানের আয়োজন করে।