শ্রেণীকক্ষে পলেস্তারা খসে পড়ার আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব সময় আতঙ্কের মধ্যে ক্লাস করতে হয়। প্রতিদিন ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। তাই ক্লাস ছাড়া অন্য সময় সবাই বাইরেই কাটায়।’ কথাগুলো বলছিল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সারোয়াতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জেনিশন চাকমা এবং ষষ্ঠ শ্রেণীর পারভেজ চাকমা ও নয়ন জ্যোতি চাকমা। সারোয়াতলী ইউনিয়নের এই বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় আধা পাকা মূল বিদ্যালয় ভবনের পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১৯৯৫ সালে তিন কক্ষের আরেকটি পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের কয়েক বছর যেতে না-যেতেই ভবনে ফাটল দেখা দেয়। ওই ভবনটিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখানে ষষ্ঠ, নবম ও দশম শ্রেণীর পাঠদান চলে। অভিযোগ রয়েছে, নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ভবনটি অল্প সময়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

জানা গেছে, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর চার কক্ষের একটি বেড়ার ঘরে যাত্রা শুরু করে বিদ্যালয়টি। এরপর ১৯৯৩ সালে জেলা পরিষদ ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উদ্যোগে ওই বেড়ার ঘরটি ভেঙে চার কক্ষের আধা পাকা ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে একটি শিক্ষক মিলনায়তন, আরেকটি পাঠাগার ও বাকি দুটি শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংস্কারের অভাবে ওই ভবনটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

শিক্ষকেরা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা এখন ৩৫২ জন। প্রতিবছর বাড়ছে এই সংখ্যা। কিন্তু পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই। গত এক মাসে ক্লাস চলাকালে ১০ থেকে ১৫ বার ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। গত ২০ মার্চ আঞ্চলিক পরিষদের সচিব বিশ্বজিৎ চাকমা ও উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণকান্তি চাকমা বিদ্যালয় পরিদর্শনে আসেন। তাঁরা পাকা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার সুপারিশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে পাওয়া ভবনটির নির্মাণকাজ ভালো হয়নি। ওই ভবনটিতে একাধিকবার ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হয়েছে। নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড বরাবরে আবেদন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ ভবনটিতে ছাদের একাধিক স্থানে ফাটল। কিছু অংশে পলেস্তারা খসে রড বের হয়ে আছে। বেশির ভাগ কক্ষে দরজা-জানালাও ভাঙাচোরা। শ্রেণীকক্ষগুলো স্যাঁতসেঁতে। পাশের আধা পাকা ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যতীন রায় চাকমা বলেন, বর্তমানে বিদ্যালয়ের অবস্থা করুণ। দুটি ভবনই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু কোনো উপায় না থাকায় ভবন দুটিতে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু কাউসার বলেন, ‘সারোয়াতলী উচ্চবিদ্যালয় ভবন দুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে অবগত করা হয়েছে। আমি কর্তৃপক্ষকে জানিয়েছি।’