শ্রেণীকক্ষের অভাবে পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি ছাত্র। এঁদের জন্য শৌচাগার আছে মাত্র একটি। কলেজ ভবনের পেছনে থাকা ওই শৌচাগারের অবস্থাও বর্তমানে শোচনীয়। কক্ষসংকটের কারণে অনেক সময় বাইরে মাঠে গিয়ে বসে থাকতে হয়।’ এভাবেই হাজী মুহাম্মদ মহসিন কলেজের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরলেন কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র জমিরুল ইসলাম। স্নাতক শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসের মতেও কলেজের অন্যতম সমস্যা শৌচাগারের অভাব। তিনি বলেন, ‘ছাত্রীদের যে শৌচাগারগুলোর অবস্থা ভালো নয়। এগুলো সংস্কারের পাশাপাশি আরও তিন-চারটি শৌচাগার নির্মাণ করা দরকার।’ এ ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেল মিলনায়তন, ক্যানটিন ও শিক্ষা (একাডেমিক) ভবনের অভাবের কথাও। জানা যায়, ১৯১৩ সালে প্রতিষ্ঠিত চিটাগাং মাদ্রাসায় ১৯২৭ সালে আইএ (ইন্টারমিডিয়েট) কোর্স চালু হলে প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ইসলামিক ইন্টারমিডিয়েট (আইআই) কলেজ। আইআই কলেজ ও ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত সরকারি উচ্চমাধ্যমিক কলেজকে এক করে ১৯৭৯ সালের জুলাইতে দানবীর হাজী মুহাম্মদ মহসিনের নামানুসারে প্রতিষ্ঠানের নামকরণ করা হয় হাজী মুহাম্মদ মহসিন কলেজ। বর্তমানে কলেজে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।শিক্ষক-শিক্ষার্থীরা জানান, কলেজে প্রায় প্রতিবছরই সব জাতীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। কিন্তু মিলনায়তন না থাকায় এসব অনুষ্ঠান করতে হয় শ্রেণীকক্ষে। ফলে এসব অনুষ্ঠান তেমন আকর্ষণীয় হয় না। শিক্ষার্থীদের জন্য পৃথক মিলনায়তন না থাকায় প্রশাসনিক ও বাণিজ্য ভবনের দুটি শ্রেণীকক্ষকে কেবল মেয়েদের মিলনায়তন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্যাম্পাসে ক্যানটিন না থাকায় সংশ্লিষ্ট সবাইকে দুপুরের খাবারের জন্য দূরের কোনো হোটেলে যেতে হয়। সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জাকির হোসেন বলেন, ‘কলেজে ক্যানটিন না থাকায় সময় নষ্ট করে বাইরে গিয়ে খেয়ে আসতে হয়।’ছাত্র জমিরুল ইসলাম বলেন, ‘কলেজে নতুন ভবন নির্মাণ করা হলে শ্রেণীকক্ষের সংকট অনেকটা কমে যেত। এতে আমরা সময় অনুযায়ী শ্রেণীর কাজ সারতে পারতাম।’ আলাপকালে কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান কলেজের অবকাঠামো সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘আমাদের কলেজে একটি নতুন ভবন নির্মাণ করা দরকার। এখানে ১৭টি শ্রেণীকক্ষ আছে, আরও ১৩টি শ্রেণীকক্ষ হলে পাঠদানে সুবিধা হতো। মন্ত্রণালয়ে অনেকবার আবেদন করেছি, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। তা ছাড়া একটি ক্যানটিন ও মিলনায়তন নির্মাণ করা হলে শিক্ষার্থীদের জন্য সুবিধা হতো।’