শ্রেণীকক্ষের সংকট এমইএস কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার একর জায়গার ওপর ১৯৬৪ সালে কলেজটি নির্মিত। শিক্ষার্থীর সংখ্যা প্রায় আট হাজার। একাডেমিক ভবন চারটি। এ ছাড়া রয়েছে দুটি জরাজীর্ণ টিনের ছাউনির ঘর। এখানে কোনো পাঠদান হয় না। কলেজের বাকি ভবনগুলোর অবস্থা বেশ ভালোই, তবে কলেজটিতে কোনো স্বীকৃত মিলনায়তন (অডিটোরিয়াম) নেই। যেটি আছে সেটি পাঠদানের কাজেও ব্যবহূত হয়। তা ছাড়া কলেজের ছাত্রীমিলনায়তনে (কমনরুম) মেয়েদের জন্য মাত্র তিনটি শৌচাগার আছে। তা পর্যাপ্ত নয় বলে জানান ছাত্রীরা। কলেজে ছাত্রদের শৌচাগারের তেমন কোনো সমস্যা নেই। তবে কলেজে যে পরিমাণ শ্রেণীকক্ষ আছে তা অপ্রতুল বলে শিক্ষার্থীরা জানান। কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের কলেজে বর্তমানে যে শ্রেণীকক্ষগুলো রয়েছে সেগুলো হলো ১০০ জন ধারণক্ষমতাসম্পন্ন। কিন্তু এ কক্ষগুলোতে ১২০-১৩০ জন শিক্ষার্থীকে বসতে হয়। বেশ ঘেঁষাঘেঁষি করে বসেন তাঁরা। তাই মনোযোগ দিতে সমস্যা হয় তাঁদের। বর্তমানে কলেজে ৪০টি শ্রেণীকক্ষ রয়েছে। এ ছাড়াও আরও ১১টি শ্রেণীকক্ষ দরকার শ্রেণীকার্যক্রম পরিচালনার জন্য। তা ছাড়া স্নাতকোত্তর কোর্স চালু করলে আরও ১০টি শ্রেণীকক্ষের প্রয়োজন আমাদের। শ্রেণীকক্ষের সংকটের জন্য আমরা মাত্র সাতটি বিষয়ে বাংলা, ইংরেজি, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স চালু করতে পেরেছি। যদি শ্রেণীকক্ষের সংকট কমে যায় তাহলে আরও কয়েকটি বিষয়ে সম্মান কোর্স চালুর পাশাপাশি স্নাতকোত্তর কোর্সও চালু করতে পারব বলে আশা করা যায়।’ কলেজছাত্র জাহিদুল ইসলাম বলেন, ‘কলেজের শিক্ষকেরা বেশ ভালোভাবেই পড়াশোনা করান। ক্লাসের মধ্যে বেশ ঘেঁষাঘেঁষি করে বসতে হয়। এতে মনোযোগ দিতে সমস্যা হয়। স্নাতক সম্মানের ক্লাসে তা-ও বসা যায় ঠিকমতো। কিন্তু উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের বসতে বেশ সমস্যা হয়।কলেজছাত্র রিয়াজউদ্দিন জানান, ‘কলেজে ছেলেদের শৌচাগারের সমস্যা নেই। মেয়েদের শৌচাগার আছে তবে আরও দু-একটি থাকলে ভালো হতো। তা ছাড়া কলেজে সাংস্কৃতিক ও জাতীয় অনুষ্ঠানগুলো উদ্যাপন করার জন্য একটি বড় মিলনায়তন থাকলে ভালো হতো। কলেজে ছাত্রীমিলনায়তন (কমনরুম) আছে কিন্তু কোনো ক্যানটিন নেই। ফলে বাইরে গিয়ে নাশতা করতে হয় আমাদের।’