ফজরের আজান হচ্ছে, হঠাত্ চিন চিনে ব্যথায় ঘুম ভেঙে গেল। পেটের ভেতর পাক দিয়ে একটু একটু করে ব্যথা বাড়ছে। প্রথমে খুব ভয় পেলাম— কী করব বুঝে উঠতে পারছি না। এত ভোরে বাসার কেউ ঘুম থেকে জাগেনি। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। দীর্ঘ চার বছর প্রতীক্ষার পর আমি সন্তানের মুখ দেখব। আমার নাড়িছেঁড়া ধন, যার জন্য আমি দিনের পর দিন অপেক্ষার প্রহর গুণছি। আজ সেই দিন উপস্থিত। আনন্দের সঙ্গে সঙ্গে আবার তীব্র ভয়ে আমার শরীর কেঁপে কেঁপে উঠছে। আমি কি বাঁচব? মনে মনে প্রার্থনা করছি, আমি মরে গেলেও আমার সন্তান যেন সুন্দরভাবে জন্ম নেয়। তার যেন কোনো কষ্ট না হয়। সন্তান জন্মদানের যে ব্যথা সেটা মা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। সময় যত গড়াতে লাগল ব্যথার তীব্রতা তত বাড়তে লাগল। ব্যথায় আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জানুয়ারির শীতের মধ্যেও আমি ঘেমে গিয়েছি। বাড়িময় সবাই চিন্তায় ব্যস্ত হয়ে আছে। বাসায় দুজন অভিজ্ঞ নার্স এসেছে। চাচাশ্বশুর ডাক্তার, তিনি নার্সদের নির্দেশনা দিচ্ছেন বাহির থেকে। নার্সরা বলছেন বাসায় হবে, হাসপাতালে নিতে হবে না। শাশুড়িমা, আম্মা, দুজনই দোয়া পড়ছেন। আব্বা বারান্দায় জায়নামাজে বসে দোয়া করছেন। সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে সব কষ্ট অবসান করে আমার ছেলে এই ধরণীতে আসে। আমার সারা দিনের কষ্ট এক নিমেষেই ভুলে যাই ছেলের কান্না শুনে। বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে। আব্বা আজান দিয়ে জানিয়ে দেন, বাসায় নতুন আগন্তক এসেছে। বাসায় মিষ্টি খাওয়ার ধুম পড়ে যায়। পাড়া-প্রতিবেশী সবার বাসায় মিষ্টি বিলানো হয়। নার্স কাপড় দিয়ে পেঁচিয়ে বাচ্চাকে আমার কাছে দেয়। আমি অবাক হয়ে গোলাপি তুল তুলে ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে থাকি। সে চোখ পিট পিট করে তাকায়। অপলক চেয়ে থাকি, আমার তৃষ্ণা মেটে না। আমার জন্য সৃষ্টিকর্তার অমূল্য দান। ১৩ জানুয়ারি আমার জীবনের শ্রেষ্ঠ দিন। আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন।শামীমা বিলকিসক্ষেত্রীপাড়া, দিনাজপুর।