শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার

‘আমি একজন কারুশিল্পী। সেই সাড়ে আট বছর বয়স থেকে তাঁত বুনে চলছি। তাঁতের সঙ্গে খেলতে খেলতেই আমি এই শিল্পের সঙ্গে জড়িয়ে পড়ি। সাংসারিক নানা কাজের মধ্যেও আমি এই কাজ চালিয়ে গেছি। আজ আমি সত্যিই গর্বিত।’ এই কথাগুলো তাঁতশিল্পী সরত মালা চাকমার। নিজের এই ভাষ্যই মেয়ে কনকচাঁপার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন তিনি। নিজের কাজে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে অর্জন করেছেন শ্রেষ্ঠ কারুশিল্পীর সম্মাননা পুরস্কার।
জাতীয় কারুশিল্প পরিষদ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের রেজাউর রহমান সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা, এ এফ মুজিবর রহমান ফাউন্ডেশনের নায়লা করিম, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারসহ অনেকে।
রাঙামাটির তবলছড়ির মাস্টার কলোনিতে জন্ম নেওয়া সরত মালা চাকমার কাজে আছে বৈচিত্র্য। নানা কাজের মধ্যে অন্যতম হলো কোমর তাঁত বোনা কাপড়। বিলেতে যার পরিচয় ব্যাক স্ট্র্যাপ লুম হিসেবে। কী এমন বিশেষত্ব এই কোমর তাঁতের? বিশেষত্বটি হলো মেরুদণ্ড সোজা করে নিজ কোমরের সঙ্গে বেঁধে এটি বুনতে হয়। রঙিন সুতার এক প্রান্ত ঘরের ভেতরের একটি দেয়ালের সঙ্গে এবং অপর প্রান্ত তাঁতির কোমরের সঙ্গে বাঁধা। এ কাপড়ের চাহিদাটাও নিতান্ত কম নয়।
নিজেদের তৈরি সুতা প্রাকৃতিক রঙে রাঙিয়ে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন নকশা। কোমর তাঁতের পাশাপাশি ‘আলম’ বুনতেও দক্ষ সরত মালা। আলম হলো আরেক ধরনের তাঁতে বোনা কাপড়, যার মধ্যে স্থান পায় লাল, কালো, বিভিন্ন রং। সরত মালা চাকমা বলেন, ‘এই শিল্পটি যাতে আমাদের পরের প্রজন্মের কাছেও পৌঁছে দিতে পারি, সে জন্যই আমি অবিরত তাঁত বুনে যাব।’
বক্তব্যের এক ফাঁকে সুলতানা কামাল বলেন, ‘কোমর তাঁতে কাপড় বোনা কিন্তু নেহাত সাধারণ কথা নয়। নিজ কোমরের সঙ্গে পেঁচিয়ে এবং মেরুদণ্ড সোজা রেখে ঘণ্টার পর ঘণ্টা তাঁত বোনার মাঝে কিন্তু পরিশ্রমের ছাপটা বেশ স্পষ্ট।’