শ্রেষ্ঠ বিদ্যালয়ে শ্রেণিকক্ষসংকট!

ফলাফল ও শিক্ষার্থীদের উপস্থিতি বিবেচনায় লোহাগাড়ার উপজেলা আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৪ সালে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পায়। অথচ এ বিদ্যালয়ে শ্রেণিকক্ষসংকটের কারণে ব্যাহত হচ্ছে পড়াশোনা।
আমিরাবাদ সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০। বিদ্যালয়ে শ্রেণিকক্ষ রয়েছে পাঁচটি। শ্রেণিকক্ষ কম হওয়ায় গাদাগাদি করে কোনো রকমে বসতে হয় শিক্ষার্থীদের। এতে মানসম্পন্ন পাঠদান করা সম্ভব হচ্ছে না শিক্ষকদের পক্ষে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির প্রায় প্রতিটি শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসেছে শিক্ষার্থীরা। অনেকে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে ক্লাস করছে। অথচ এ বিদ্যালয় থেকে ২০১৩ সালে ৯ জন বৃত্তি পেয়েছে। পাশাপাশি সংকট সত্ত্বেও বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার শতকরা ৯০ ভাগ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাবউদ্দিন বিদ্যালয়ের শ্রেণিকক্ষসংকটের কথা স্বীকার করে জানান, কোনো কোনো শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। এ জন্য সব শিক্ষার্থী শিক্ষকের কথা শুনতে পায় না। এতে শিক্ষার্থীরা মনোযোগ হারায়। তিনি বলেন, ‘বর্তমানে পাঁচটি শ্রেণিকক্ষ থাকলেও আমাদের অন্তত আরও তিনটি কক্ষের প্রযোজন রয়েছে।’
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরজু আক্তার ও মিশু পাল বলে, শ্রেণিকক্ষে আসন না পেয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। শিক্ষকদের পাঠদানও শুনতে কষ্ট হয়। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়াসির আরাফাত জানায়, তাদের শ্রেণিকক্ষে সংস্কারের অভাবে বর্ষাকালে বৃষ্টির পানি ঢোকে।
এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মিয়া মো.শাহজাহান বলেন, ‘বিদ্যালয়ের শ্রেণিকক্ষসংকটের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। এ সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করছি।’
লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু নছর মো. হাছান বলেন, ‘বিদ্যালয়ে শ্রেণিকক্ষসংকটের সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি।’