শ্রেষ্ঠ শিক্ষক জিন্নাতুল ফেরদৌস
মিরসরাইয়ের পূর্ব খইয়াছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাতুল ফেরদৌস বেসরকারি বিদ্যালয় বিভাগে দেশের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। আজ (৯ জানুয়ারি) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে পদক তুলে দেবেন। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, নিজের জন্য তিনি কিছুই চান না। বিদ্যালয়ের আসা-যাওয়ার পথটি খুব খারাপ। শিশুরা খুব কষ্ট করে আসা-যাওয়া করে। পথটি সংস্কার হোক, সরকারের কাছে এটাই চাওয়া।মিরসরাইয়ের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-উর-রশীদ জানান, জিন্নাতুল ফেরদৌস বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগে (ক্যাটাগরিতে) সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিক নির্বাচিত হয়েছেন। তিনি আরও জানান, জিন্নাতুল ফেরদৌস প্রথমে উপজেলা পর্যায়ে পরীক্ষা দিয়ে প্রথম হন। তারপর পর্যায়ক্রমে জেলা, বিভাগ এবং সর্বশেষ সারা দেশের বিজয়ীদের সঙ্গে পরীক্ষা দিয়ে শ্রেষ্ঠ শিক্ষিক নির্বাচিত হন।শিক্ষা কর্মকর্তা আরও জানান, আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জিন্নাতুল ফেরদৌসসহ মোট ২৬টি বিভাগে ৫২টি পদক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হবে। জিন্নাতুল ফেরদৌস এ প্রসঙ্গে জানান, সংবাদটি শুনে তিনি আশ্চর্য হয়েছেন। বিশ্বাসই করতে পারেননি। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের মা।