শ্রেয়া-মুনমুনসের বৈশাখী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরায়ত বাঙালিয়ানাকে তুলে ধরতে দেশীয় কাপড় আর নিজস্ব ডিজাইনের পোশাক নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে নতুন বুটিক প্রতিষ্ঠান। চট্টগ্রামের দুই ডিজাইনার মনি দীপা দাশ ও কাজী শাহতাজ পারভীন মুনমুন এই নতুন প্রতিষ্ঠানের উদ্যোক্তা। দুজনের চিন্তা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের হাতে নতুন কিছু তুলে দিতেই এই যৌথ উদ্যোগ বলে জানালেন তাঁরা। শ্রেয়া-মুনমুন’স নামে নতুন শোরুমটি নগরের চট্টেশ্বরী মোড়ে এইচ এম টাওয়ারের চারতলায়। গত সোমবার দুপুরে শোরুমে গিয়ে দেখা গেছে, বৈশাখী আয়োজন এবং শোরুম সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুজনই। তাঁরা দুজনেই জানালেন ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন পর্যায় থেকে বৈশাখী পোশাক তৈরির এত ফরমাশ আসছে যে দম ফেলার ফুরসতও মিলছে না যেন। ছোটদের পোশাককে প্রাধান্য দিয়েছেন তাঁরা। ছোটদের কুর্তি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ ছাড়াও বড়দের জন্য রয়েছে শাড়ি ও সালোয়ার-কামিজ। দেশীয় সুতি কাপড়ে তৈরি এবারের বৈশাখী পোশাকে স্ক্রিন প্রিন্টের নকশা করা হয়েছে। এসব পোশাকের দামও মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যে বলে জানালেন মনি দীপা দাশ। তিনি আরও জানান, এবারের বৈশাখী পোশাকে শাড়ির পাশাপাশি বেশ সাড়া জাগিয়েছে মেয়েদের কুর্তি। ফতুয়ার চেয়ে একটু লম্বা এই পোশাকের দাম রাখা হয়েছে ৫০০ থেকে ৮০০ টাকা। এ ছাড়া ছোটদের নানা রঙের ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাবে এক হাজার থেকে দুই হাজার ৮০০ টাকায়। ছোটদের সালোয়ার-কামিজের দাম রাখা হয়েছে ৫৫০ থেকে ৬০০ টাকা, বড়দের সালোয়ার-কামিজ এক হাজার থেকে এক হাজার ৯০০ টাকা। নতুন বছরে পয়লা বৈশাখে পোশাক ছাড়াও অন্দর না সাজালে কি চলে? এ কথাটি মাথায় রেখে তাঁরা রেখেছেন বেড কভার, কুশন কভার, টেবিল ক্লথ, পর্দাসহ ঘর সাজানোর সামগ্রীও। ডিজাইনভেদে এগুলোর দামও ভিন্ন ভিন্ন। বেডকভার এক হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা, পর্দা ৮০০ থেকে দুই হাজার টাকা রাখা হয়েছে।