
রাতে ঘুমানোর আগে গান শুনতে ইচ্ছা করছে, অথচ রুমমেটের কাল সকালে পরীক্ষা! জ্যামে অনেকক্ষণ বসে মেজাজ বিগড়ে আছে, এফএম রেডিও চালিয়ে বেশ কেটে যেতে পারে সময়টা। কিন্তু বাসভর্তি মানুষ যদি বিরক্ত হয়! সমস্যা কী, যদি হাতের কাছে থাকে আপনার একজোড়া লতানো ইয়ারফোন। তাতে শুধু আপনিই শুনতে পাবেন কী চলছে আপনার ফোনে কিংবা মিউজিক প্লেয়ারে।
ইয়ারফোন
লতানো ইয়ারফোন তো প্রায় সব মুঠোফোনের সঙ্গে সঙ্গী হয়ে আসে আপনার কাছে। কথা বলা থেকে শুরু করে রেডিও শোনা, মিউজিক প্লেয়ারে গান শোনা এমনকি ল্যাপটপ-কম্পিউটারেও তা ব্যবহারযোগ্য। রকমফেরে ছোট-বড় দৈর্ঘ্যের ও নানা রঙের ইয়ারফোন আছে বাজারে। সাদা, কালো, গোলাপি, লাল, হলুদ রঙের যেমন আছে, আছে এক ইয়ারফোনে দু-তিন রঙের মিশেলও। আবার লতা পেঁচিয়ে যাওয়ার ঝামেলা এড়াতে আছে ভাঁজ করে রাখা যায় এমন ফোল্ডেবল ইয়ারফোন। এক কানে শোনার জন্য আছে সিঙ্গেল পোর্টের ইয়ারফোন।
হেডফোন
লতানো হেডফোন যেমন আছে, আছে তারহীন ওয়্যারলেস বা ব্লু-টুথ হেডফোন। তারের সংযোগ ছাড়াই ১০ মিটার দূর থেকেও গান শোনা বা কথা বলার কাজটি সেরে নেওয়া যাবে। বিশেষ করে আপনি যখন জিমে ব্যায়াম করছেন, দৌড়াচ্ছেন কিংবা এমন কোনো কাজ করছেন যখন মুঠোফোনটা কিছুটা দূরেই রাখতে হয়।
সংযুক্ত বা পৃথক করে রাখা যায় এমন মাইক্রোফোনও থাকছে অনেক হেডফোনের সঙ্গে। শব্দের মাত্রা নিয়ন্ত্রণ, মিউট (শব্দহীন) করা, গানের তালিকার আগে-পিছে গিয়ে পছন্দের গান নির্বাচন এমনকি ফোনকলও ধরতে পারবেন হেডফোনে আঙুল রেখে।
ব্লু-টুথ হেডফোনের আবার চার্জের প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে দেড় থেকে দুই ঘণ্টা চার্জে পুরো দিন কাটিয়ে দিতে পারবেন। অতিরিক্ত চার্জার কেনার ঝামেলা নেই। আপনার মুঠোফোন চার্জার বা ইউএসবি কেব্লই যথেষ্ট।
গেমিং হেডফোন
বেশির ভাগ শহুরে শিশুদের অবসর কাটে কম্পিউটারে গেম খেলে। সেই কম্পিউটার গেমের জন্য আছে আবার বিশেষ ধরনের গেমিং হেডফোন।
দরদাম
মান ও স্টাইল ভেদে ইয়ারফোনের দাম পড়বে ১০০ থেকে ১০০০ হাজার টাকা পর্যন্ত। লতানো হেডফোন মিলবে ৩০০ থেকে ১০০০ হাজার টাকার মধ্যেই। ব্লু-টুথ হেডফোন পাবেন ৬০০ থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে। আর ভালো ব্র্যান্ডের ব্লু-টুথ হেডফোনের দাম পড়বে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা পর্যন্ত, মিলবে এক বছরের ওয়ারেন্টিও। গেমিং হেডফোনের দাম একটু চড়া। দাম ১ হাজার ২০০ থেকে ৬০০০ হাজার টাকা পর্যন্ত।
কোথায় পাবেন
ঢাকার আগারগাঁওয়ের আইডিবি মার্কেট, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার ও ইস্টার্ন মল্লিকা, গুলিস্তানের পাতাল মার্কেটসহ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট থেকে শুরু করে রাজধানীর প্রায় সব মার্কেটেই মিলবে রকমারি সব ইয়ারফোন ও হেডফোনের দেখা।