শ্লীলতাহানি বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন আমি ক্লাস ওয়ানে পড়ি। থাকতাম মফস্বল এলাকায়। তখন আমাদের টিভিতে শুধু বিটিভিই দেখা যেত। বিটিভিতে খবর চলার সময় টিভির নিচে স্ক্রলে শিরোনাম দেখানো হতো। সেগুলো আমি মনোযোগ দিয়ে পড়তাম। যেটা বুঝতাম না আব্বুকে বলতাম। একদিন আমি আর আব্বু খবর দেখছিলাম। সঙ্গে শিরোনামগুলোও পড়ছিলাম। হঠাৎ ‘শ্লীলতাহানি’ শব্দটা চোখে পড়ল। আব্বুর কাছে জানতে চাইলাম, ‘এই শব্দের মানে কী?’ শব্দটা এত কঠিন যে ঠিকভাবে উচ্চারণও করতে পারছিলাম না।

আব্বু সঠিক উচ্চারণটা শুনিয়ে বললেন, ‘শ্লীলতাহানি মানে গায়ে হাত দেওয়া।’
আমি বললাম, ‘গায়ে হাত দিলে কী হবে? তুমিও তো আমার গায়ে হাত দাও। কিন্তু তাই বলে কি তোমাকে পুলিশ নিয়ে যাবে?’
আব্বু হেসে বলল, ‘অপরিচিত কেউ গায়ে হাত দিলে সেটা শ্লীলতাহানি।’ ব্যাপারটা আমার কাছে তবু পরিষ্কার হলো না। মনে খচখচ রয়েই গেল।
তখন জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস। নতুন স্কুলে ভর্তি হয়েছি। ক্লাসের প্রায় সবাই অপরিচিত। হঠাৎ একদিন একটা মেয়ের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়ে গেল। ঘটনা হলো, আমার কলম হারিয়েছে। বেশ, ঠিক সেদিন ওই মেয়েটারও কলম হারিয়েছে। কাকতালীয়ভাবে আমার কলম দুটি ছিল একই রকম। ক্লাসের এক ছেলে আবার একটা কলম কুড়িয়ে পেল। আমি দাবি করলাম, ‘এটা আমার কলম।’ স্বাভাবিকভাবে মেয়েটাও একই দাবি করল।
ব্যস, মেয়েটার সঙ্গে বেধে গেল তীব্র কথা-কাটাকাটি। একসময় রেগেমেগে ছেলেটার হাত থেকে আমি কলমটা কেড়ে নিলাম। আর ঠিক তখন সেই মেয়েটা জোরসে একটা কিল বসাল আমার পিঠে!

আমি তো হতভম্ব। অপমানে, লজ্জায় আমার মাথার ঠিক নেই। আমাদের স্কুলে তখন একটা ‘অভিযোগ বক্স’ ছিল। ঝটপট একটা অভিযোগপত্র লিখে ফেললাম। কদিন পর হেড স্যার আমাকে ডাকলেন। রুমে আরও চার-পাঁচজন স্যারও বসে ছিলেন। হেড স্যার আমাকে বসতে বললেন। আমি বসলাম। তারপর স্যার ওই মেয়েটার নাম বলে বললেন, ‘ও তোমাকে কী করেছে?’
আমি নির্ভয়ে বললাম, ‘আমার শ্লীলতাহানি করেছে, স্যার।’
আমার উত্তর শোনার সঙ্গে সঙ্গে সব স্যার হো হো করে হেসে ফেললেন। আমি বেশ বিব্রত। হেড স্যার হাসতে হাসতে বললেন, ‘কী করেছে তোমার সাথে?’
আমি বললাম, ‘আমার কলম কেড়ে নিয়ে আমাকেই মেরেছে।’
হেড স্যার হাসি চেপে মুখ গম্ভীর করার ভান করে বললেন, ‘আচ্ছা ঠিক আছে। আমরা ওকে শাস্তি দেব।’
আমি কাঁদো-কাঁদো মুখে বললাম, ‘স্যার, পুলিশে দিয়েন।’
স্যার বললেন, ‘পুলিশে কেন?’
আমার উত্তর, ‘সেদিন খবরে দেখলাম, শ্লীলতাহানি করার জন্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।’
আমার উত্তরে স্যাররা আবার হাসতে শুরু করলেন, আর আমি ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইলাম।