জাতীয় শিক্ষানীতি অনুযায়ী খাগড়াছড়ি জেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির পাঠদান চালু হলেও অবকাঠামোগত সুবিধা বাড়ানো হয়নি। বাড়তি শ্রেণিকক্ষ ও বিএড ডিগ্রিধারী শিক্ষক না থাকায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এতে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা।
জাতীয় শিক্ষানীতি ২০১০–এ প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। সে লক্ষ্যে ২০১৩ সালে খাগড়াছড়ি জেলার সাতটি প্রাথমিক বিদ্যালয়ে এবং ২০১৪ সালে আরও সাতটি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পাঠদান শুরু করা হয়েছে। যেসব বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু করা হয়েছে সেখানে দুজন বিএড ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ দেওয়ার নির্দেশ রয়েছে। কিন্তু জেলায় ষষ্ঠ শ্রেণি চালু হওয়া অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে বিএড ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সালে ষষ্ঠ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। বর্তমানে এই বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠদান চলছে। আগামী বছর অষ্টম শ্রেণি চালু করা হবে। এই বিদ্যালয়ে একজন বিএড ডিগ্রিধারী শিক্ষক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। বর্তমানে বড় কক্ষগুলোতে দুটি শ্রেণির পাঠদান চলছে। আগামী বছর অষ্টম শ্রেণি চালু হলে কক্ষসংকট আরও বাড়বে।
লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা জানান, এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ৩২ জন ও সপ্তম শ্রেণিতে ১৯ জন শিক্ষার্থী রয়েছে।
আগামী বছর আরও একটি শ্রেণি বৃদ্ধি পাবে। তখন কক্ষসংকট কীভাবে মোকাবিলা করা হবে তা ভেবে পাচ্ছেন না। এ ছাড়া বিএড ডিগ্রিধারী শিক্ষকও মাত্র একজন নিয়োগ দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণি চালু হলে অনেক দাপ্তরিক কাজ বৃদ্ধি পাবে। কিন্তু সে বিষয়টি বিবেচনায় নিয়ে জনবল বাড়ানো হয়নি।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিকাশ মণি চাকমা জানান, বহু আশা নিয়ে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। এখন শিক্ষা বিভাগ থেকে কোনো সহযোগিতা দেওয়া হচ্ছে না। এ ধারা অব্যাহত থাকলে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে।
পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন সেপ্টেম্বর মাসে উপজেলা মাসিক সভায় লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত একটি শ্রেণিকক্ষ নির্মাণের প্রয়োজনীয়তা উপস্থাপন করেছিলেন। সভায় অতিরিক্ত একটি কক্ষ নির্মাণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ষষ্ঠ শ্রেণি চালু হওয়া ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ জন বিএড ডিগ্রিধারী শিক্ষক প্রেষণে নিয়োগ দেওয়ার কথা থাকলেও মাত্র ছয়জনকে নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে।
খাগড়াছড়ির সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। ষষ্ঠ শ্রেণি চালু হওয়া সব প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে এখনো পুরোপুরি তথ্য নেই। তবে যেটুকু জানি এসব বিদ্যালয়ে অবকাঠামো ও ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা রয়েছে। আশা করি, সহসা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’