
আমাদের গ্রামে তখন ষাঁড়ের লড়াই হতো। আমি ছোট্ট বলে কেউ খেলা দেখতে নিয়ে যেত না। তবু লুকিয়ে লুকিয়ে একদিন খেলা দেখতে গেলাম! ভিড় ঠেলেঠুলে সবার সামনে গিয়ে দাঁড়িয়েছি। খেলা শুরু হলো। একটা ষাঁড় আরেকটাকে শিং দিয়ে গুঁতো দিচ্ছে। হঠাৎ একটা ষাঁড় লড়াই ছেড়ে ভোঁ–দৌড় দিল। লোকজন সব ছিটকে সরে যাচ্ছে। আমিও দৌড় দিলাম, কিছু না বুঝেই। অনেকক্ষণ দৌড়ানোর পর পেছনে তাকিয়ে দেখি কেউ নেই।
তার মানে, আমি একাই দৌড়ে এসেছি। নিজেকে খুব বোকা মনে হলো। ভয়ে ভয়ে আবার গেলাম মাঠে। দেখি, সেই ষাঁড়টা আবার ফিরে এসেছে মাঠে। ধুন্ধুমার লড়াই চলছে। লড়াই জমে উঠতে না–উঠতে আবার হইহই।
আমি যথারীতি আবার ভোঁ–দৌড়। ছোটবেলায় একটু ভিতু ছিলাম। তবে এত্তটুকুন মেয়ে হয়ে একা একা ষাঁড়ের লড়াই দেখতে যাওয়াটাই বা কম কি কথা! সেই ষাঁড়ের খেলা দেখার কথা মনে হলে আজও হাসি পায়।
শাইলা পারভীন
পূর্ব চান্দনা, জয়দেবপুর, গাজীপুর।