ষাটেও সফল খামারি!
সিরাজুল ইসলাম চৌধুরী (৬০) একটানা ১৪ বছর লোহাগাড়ার চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১১ সালের পর আর নির্বাচন করেননি। জনপ্রতিনিধির দায়িত্ব থেকে অবসর পেলেও কাজ থেকে অবসর নেননি। পুকুরে মাছ আর পুকুরপাড়ে রেড লেডি জাতের পেঁপের চাষ করে সাফল্যের মুখ দেখেছেন তিনি।
২০১০ সালে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে চুনতি পানত্রিশা এলাকায় বাড়ির আশপাশের ১০টি পুকুরে মাছের চাষ শুরু করেন সিরাজুল। পাশাপাশি পুকুরপাড়ে রোপণ করেন রেড লেডি জাতের পেঁপের চারা। এখন সব মিলিয়ে প্রায় দুই হাজার পেঁপের গাছ রয়েছে তাঁর বাগানে। সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম শহরের বিভিন্ন নার্সারি থেকে রেড লেডি জাতের পেঁপের চারা সংগ্রহ করে পুকুরপাড়ে লাগান তিনি। চারা লাগানোর পাঁচ মাসের মধ্যে ফল পাওয়া যায়। প্রতিটি পেঁপে দুই থেকে তিন কেজি ওজনের হয়। ২০১৩ সালে প্রায় পাঁচ লাখ টাকার পেঁপে বিক্রি করেন তিনি। খরচ বাদ দিয়ে লাভ হয়েছিল প্রায় দুই লাখ টাকা। এখন প্রতিমাসে কয়েক হাজার কেজি পেঁপে বিক্রি হয় এ বাগান থেকে।
সিরাজুলের পুকুরে রয়েছে তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেলসহ নানা জাতের মাছ। চাষ করেছেন মরিচ, ভেন্ডি, শিম, করলা ও সাগর কলা। বর্তমানে প্রতিমাসে খামার থেকে আয় হয় গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা।
সিরাজুল ইসলাম আরও জানান, ছাত্র অবস্থায় তিনি বাবা জাকির মিয়ার কাছে কৃষিকাজ শিখেছেন। তাঁর দাবি, তিনিই প্রথম এ এলাকায় আধুনিক ও বিষমুক্ত পদ্ধতিতে কৃষিকাজ শুরু করেন। বর্তমানে এ এলাকার অধিকাংশ কৃষক কীটনাশক ছাড়াই বিষমুক্ত উপায়ে সবজির চাষ করছেন। এ এলাকার চাম্বি খালে একটি রাবার ড্যাম তৈরি করা হলে শুষ্ক মৌসুমে তিন হাজার একর জমি চাষের আওতায় আসবে বলে তিনি জানান। লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রেড লেডি জাতের পেঁপে খুব মিষ্টি এবং পুষ্টিগুণও ভালো। স্বল্প সময়ে ফল পাওয়া যায়। সিরাজুল ইসলামসহ যাঁরা এ পেঁপের চাষ করছেন, স্থানীয় কৃষি কার্যালয় তাঁদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে।