ষোলো আনা
ছোটবেলা থেকে ‘কম্পিউটার’ জিনিসটার প্রতি দারুণ আগ্রহ আনা ফারিহার। এ কারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির সময়ই সিদ্ধান্ত নিলেন, এ বিষয় নিয়েই তিনি পড়াশোনা করবেন। একসময় কৈশোরের স্বপ্ন পূরণ হলো। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন পছন্দের বিষয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগেই। তারপর ধীরে ধীরে এগিয়ে চলার পালা।সম্মান চূড়ান্ত পরীক্ষার ফলাফলে নিজেকে সত্যিকারভাবে চেনালেন আনা। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হলেন আনা। প্রথম শ্রেণীতে প্রথম হয়ে আনা ফারিয়া প্রমাণ করলেন কম্পিউটার নিয়ে তার কৈশোরের স্বপ্ন ছিল কতটা খাঁটি। এ যেন এক্কেবারে ষোলো আনা!বিজ্ঞানে বাংলাদেশে মেয়েদের অংশগ্রহণ কম, সাফল্যও খুব বেশি নয়, সেখানে আনার এ সাফল্য বিজ্ঞান নিয়ে মেয়েদের আগ্রহ যে আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।পরিবারের একমাত্র সন্তান আনা ফারিহা। পড়াশোনায় উৎসাহ দিয়েছেন বিভাগের সব শিক্ষক, বন্ধু-বান্ধব ও পরিবার। পড়ালেখার জন্য বিষয় নির্বাচনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা তিনি পেয়েছেন মা-বাবার কাছ থেকে। আনার বাবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর মা চিকিৎসক। পেশায় চিকিৎসক মা যদিও চেয়েছিলেন মেয়ে তাঁর মতো হোক, তবু এ ক্ষেত্রে মেয়ের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন তিনি।সারাক্ষণ শুধুই কি পড়াশোনা করেন, জানতে চাইলে আনা ফারিহা বলেন, ‘মোটেই না। আড্ডা, গান—সবকিছুই করি। কারণ, এটা তো জীবনের একটা অংশ।’জানতে পারলাম, নিজ বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানে আনা ফারিহা কি-বোর্ড বাজান। এ জিনিসের প্রতি তাঁর আগ্রহ বেশি। এ ছাড়া টুকটাক গানও করেন। স্বপ্ন দেখতে দারুণ পছন্দ করেন মেয়েটি। ভালোবাসেন বই পড়তে। সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও মুহম্মদ জাফর ইকবাল তাঁর পছন্দের লেখক। উপন্যাস ছাড়াও সায়েন্স ফিকশন পড়তে তিনি খুব পছন্দ করেন।পড়াশোনার বাইরে দেশে-বিদেশে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আনা। সেমিনার ও প্রতিযোগিতার জন্য ভ্রমণ করেছেন ভারত ও মালয়েশিয়া।ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইলে আনা ফারিহা বলেন, ‘শিক্ষকতাকেই পেশা হিসেবে নিতে চাই আমি। ডক্টরেট ডিগ্রিটাও অর্জন করার ইচ্ছা আছে। সেই সঙ্গে উচ্চতর গবেষণা করতে চাই কম্পিউটারের বিভিন্ন বিষয় নিয়ে।’