১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এ দেশীয় দোসরদের চক্রান্তে পাকিস্তানি সেনারা দেশের সূর্যসন্তানদের হত্যা করেছে। দেশকে মেধাহীন করতে চেয়েছে তারা। সেই ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর।
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও সাবেক ছাত্রলীগ পরিষদের উদ্যোগে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তারা এসব কথা বলেন।
১৪ ডিসেম্বর দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল।
বক্তব্য দেন আনোয়ারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস আনোয়ারী, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, বরইতলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক বেলাল উদ্দিন প্রমুখ।
এদিকে চকরিয়া সাবেক ছাত্রলীগ পরিষদের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, সদস্য আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকতার আহমদ চৌধুরী ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
বক্তারা বলেন, পাকিস্তানি দোসরদের বিচার হচ্ছে। এ জন্য সরকারকে সর্বস্তরের মানুষকে সহযোগিতা করতে হবে।