ষড়যন্ত্রের বিরুদ্ধে গঠনমূলক কর্মসূচি দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চা-পাতার নিলামবাজার স্থানান্তর করে শ্রীমঙ্গল নিয়ে যাওয়াকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করে চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। তিনি বলেন, সরকার এই নিলামবাজার শ্রীমঙ্গলে স্থানান্তরের সিদ্ধান্ত নিলে চেম্বার গঠনমূলক কর্মসূচি দেবে। ইতিমধ্যে এ নিয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন চেম্বারের সভাপতি। তাঁর সাক্ষা ৎ কার নিয়েছেন নিজাম সিদ্দিকী প্রথম আলো: চা নিলাম প্রক্রিয়া চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে স্থানান্তরের পরিকল্পনা চলছে। বিষয়টিকে চেম্বার কীভাবে দেখছে এবং এ ব্যাপারে আপনাদের কী ধরনের উদ্যোগ রয়েছে? মোরশেদ মুরাদ: চট্টগ্রামবিদ্বেষী একটি মহল এই খাত ধ্বংস করতে এটা করছে। দেশের ঐতিহ্যবাহী এবং শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন হিসেবে চিটাগাং চেম্বার এই স্থানান্তরের বিষয়ে গভীর উদ্বেগ ও আপত্তি জানাচ্ছে। ইতিমধ্যে এ নিলাম কার্যক্রম চট্টগ্রামে বহাল রাখতে আমরা বাণিজ্যমন্ত্রী বরাবর জরুরি ফ্যাক্স-বার্তা পাঠিয়েছি। আমরা জানি, বিশ্বের সবখানেই চা নিলাম সাধারণত বন্দরনগরে হয়ে থাকে। কারণ, বিমানবন্দর, সমুদ্রবন্দর, অবকাঠামো উন্নয়নসহ যাবতীয় সুযোগ-সুবিধা বন্দরকে ঘিরেই আবর্তিত হয়। সে কারণেই আসাম-বেঙ্গল রেলওয়ের প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থিত ছিল।প্রথম আলো: চট্টগ্রাম থেকে চা নিলামের একটি দীর্ঘ ঐতিহ্যও তো রয়েছে, নিলামবাজার হস্তান্তরের চেষ্টা কি এ ঐতিহ্য বিনষ্টের উদ্যোগ নয়?মোরশেদ মুরাদ: হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে শিল্প ও বন্দর নগর চট্টগ্রামে চা-পাতার আন্তর্জাতিক নিলাম কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।একে কেন্দ্র করেই চট্টগ্রামে অকশন হাউস, ওয়্যার হাউস, টেস্টিং সেন্টার, বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়নসহ বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে। এ ছাড়া এই নিলাম-প্রক্রিয়ার সঙ্গে সরকারের প্রায় ১৬০ কোটি টাকার রাজস্ব এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানও জড়িত।প্রথম আলো: চা-শিল্প ছাড়াও ইতিমধ্যে আরও কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ) চট্টগ্রাম থেকে স্থানান্তরের চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। এ ক্ষেত্রে চেম্বারের ভূমিকা কী?মোরশেদ মুরাদ: চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবং এর উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে চট্টগ্রাম চেম্বার স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা রুখতে সর্বাত্মক ভূমিকা পালন করবে।দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি, বিনিয়োগ, শিল্পায়ন তথা অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রাম পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিপূর্ণতা পায়নি।আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো ঢাকাকেন্দ্রিক। এ অবস্থায় এ ধরনের চিন্তাভাবনা চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণেরই বহিঃপ্রকাশ এবং এর উন্নয়ন বাধাগ্রস্ত করাই মুখ্য উদ্দেশ্য।প্রথম আলো: যদি কোনো কারণে চায়ের নিলাম-প্রক্রিয়া শ্রীমঙ্গলে স্থানান্তর হয়, সে ক্ষেত্রে তা প্রতিরোধে চেম্বার কী কর্মসূচি নেবে?মোরশেদ মুরাদ: যেহেতু প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজে নিয়েছেন, তাই চট্টগ্রামবাসীর দৃঢ় বিশ্বাস, তিনি চট্টগ্রামকে কোনো অংশে বঞ্চিত করবেন না। চিটাগাং চেম্বারের কার্যক্রমের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে দেশের বিশেষ করে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যকে সুরক্ষা করা।যদি স্থানান্তর করা হয়, তাহলে এর বিরুদ্ধে চিটাগাং চেম্বার গঠনমূলক কর্মসূচি পালন করবে।