স বা র চে য়ে দা মি বিড়াল
‘বাঘের মাসি’ বলে বিড়াল প্রাণীটির নামডাক আছে। সহজেই বোধগম্য, বাঘের মতো চেহারা-সুরত বলেই এই নামকরণ। কিন্তু জিউস নামের এক বিড়াল অন্য একটি কারণে বাঘের মাসি নামকরণটি সার্থক করেছে। মজার বিষয় হলো, রয়েল বেঙ্গল টাইগারের যেমন বিশ্বব্যাপী খ্যাতি, এই জিউসও আবার বেঙ্গল ক্যাট গোত্রের! এসমন্ড গে নামের এক প্রজননবিদ বেঙ্গল ক্যাট থেকে ব্রিড করেছিলেন জিউসকে। ২০০৩ সালে এসমন্ড দাবি করেছিলেন, জিউসকে ব্রিড করতে তাঁর খরচ হয়েছিল এক লাখ পাউন্ড। তবে বিশেষজ্ঞদের মতে, তা নিতান্তই গুলপট্টি! তা যা-ই হোক, ১৯৯৯ সালে এসমন্ড কিন্তু বাজিমাত করেছিলেন। ২৫ হাজার পাউন্ডে জিউসকে তিনি বিকিয়েছিলেন লন্ডনের সিন্ডি জ্যাকসনের কাছে। এসমন্ড অবশ্য দাবি করেছিলেন, জিউসকে তিনি বিক্রি করেছেন ৬৫ হাজার পাউন্ডে। বাড়িয়ে বলার স্বভাব ছিল হয়তো ভদ্রলোকের। কেননা, তাঁর সেই দাবিটিও প্রমাণিত হয়নি শেষতক! তবে এটা নিশ্চিত, জিউসই দুনিয়ার সবচেয়ে দামি বাঘের মাসি, মানে বিড়াল।ওয়েবসাইট অবলম্বনে মাহফুজ রহমান