
চট্টগ্রাম নগরে প্রতিদিন পানির চাহিদা গড়ে কমপক্ষে ৫০ থেকে ৫৫ কোটি লিটার। বিপরীতে চট্টগ্রাম ওয়াসা সরবরাহ করতে পারে ১৮ থেকে ১৯ কোটি লিটার। গরমের সময় স্বাভাবিকভাবেই গ্রাহকের পানির চাহিদা বাড়ে। কিন্তু লোডশেডিং ও পানির স্তর নেমে যাওয়ায় চলতি মৌসুমে পানি উৎপাদন দিনে এক থেকে দেড় কোটি লিটার কমেছে। ফলে চলতি পানি সংকট আরও প্রকট আকার ধারণ করে নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছে।
তবে ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী গরমের মৌসুমে পানির এই সংকট অনেকখানি কমবে। চলতি বছরের শেষ নাগাদ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। তখন প্রতিদিন নগরে বাড়তি ১৪ কোটি লিটার পানি যোগ হবে।
যেসব বাসিন্দার নিজস্ব গভীর নলকূপ রয়েছে, তাঁরা পানি নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন। কিন্তু যাঁরা ওয়াসার পানির ওপর নির্ভরশীল, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন পানি পাওয়ার সুযোগ তাঁদের নেই। চট্টগ্রামে ওয়াসার বৈধ গ্রাহকের সংখ্যা সব মিলিয়ে ৬০ হাজার। আর ওয়াসার লাইসেন্স নিয়ে গভীর নলকূপ রয়েছে ৩ হাজার ২০০ গ্রাহকের।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, প্রতিদিন যে পরিমাণ পানি উৎপাদিত হয়, তার পুরোটা সরবরাহ করা সম্ভব হয় না। গড়ে ৭০ লাখ থেকে ১ কোটি লিটার পানি অপচয় (সিস্টেম লস) হয়। গত বৃহস্পতিবার ওয়াসা উৎপাদন করতে পেরেছে ১৮ কোটি ১৭ লাখ লিটার আর সরবরাহ করেছে ১৭ কোটি ৪৪ লাখ লিটার পানি। এর আগের দিন বুধবার ওয়াসার সরবরাহ ছিল সাড়ে ১৬ কোটি ৫৬ লাখ লিটার, উৎপাদিত হয় ১৭ কোটি ৭৮ লাখ লিটার।
সৈয়দ জামাল হোসেন নামের নগরের জাকির হোসেন সড়কের এক বাসিন্দা জানান, তাঁর বাড়িতে গভীর নলকূপ রয়েছে। কিন্তু পানিতে অতিরিক্ত আয়রন থাকায় সেই পানি সব কাজে ব্যবহার করতে পারেন না। ওয়াসার পানির সঙ্গে মিশিয়ে ওই পানি দিয়ে কাজ চালাচ্ছে ভবনের ১২টি পরিবার। কোনো কারণে এক সপ্তাহ ওয়াসার পানি না পেলে তখন বিপদে পড়তে হয়।
নগরের আসকার িদঘির পাড়ের বাসিন্দা উম্মে সালমা চৌধুরী ও লাভলেন এলাকার হামিদা বানু জানান, দিনে এক ঘণ্টা করে দুই বেলা পানি পান তাঁরা। ওই পানি দিয়ে যাবতীয় কাজ সারতে হয়।
হালিশহর মধ্য রামপুরা এলাকার গ্রাহক আবুল কাশেম বলেন, ‘প্রতি সপ্তাহে নিয়মিত পানি পাই না। পানির জন্য অপেক্ষা করে আমাদের দিন-রাত কাটে।’
ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, লোডশেডিং ও পানির স্তর নেমে যাওয়ায় গরমের সময় পানির উৎপাদন কমেছে। ওয়াসার একমাত্র মোহরা পানি শোধনাগার থেকে দিনে নয় কোটি লিটারের মতো পানি পাওয়া যায়, আর বাকি পানি উৎপাদিত হয় ওয়াসার গভীর নলকূপগুলো থেকে। বর্তমানে ওয়াসার গভীর নলকূপের সংখ্যা ৯৬। এর মধ্যে ৯০টি সচল রয়েছে। গরমের সময় এই নলকূপগুলো থেকে পানির উৎপাদন কমে যায়।
ওয়াসার রক্ষণাবেক্ষণ ও বিতরণ বিভাগের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. গোলাম সরওয়ার প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ না পেলে স্বাভাবিকভাবেই পানি উৎপাদন ব্যাহত হয়। গরম আসার পর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকছে না, তখন ওই এলাকায় পানি উৎপাদনে সমস্যা হচ্ছে। এ ছাড়া গভীর নলকূপগুলোর পানির স্তরও কমে যাচ্ছে। প্রতিবছরই নগরের এলাকা ভেদে গভীর নলকূপের পানির স্তর ৪ থেকে ১০ ফুট করে নামছে। পানির স্তর নামলে তখন ওখান থেকেও পানির উৎপাদনে বিঘ্ন ঘটে।
ওয়াসা সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম থাকায় বিভিন্ন এলাকায় রেশনিংয়ের মাধ্যমে পানি দেওয়া হয়। প্রতিটি এলাকায় সপ্তাহে দু-তিন দিন পানি দেওয়া হয়। তবে কারিগরি ত্রুটির কারণে যদি কোনো এলাকায় নির্দিষ্ট তারিখে পানি দেওয়া না যায়, তখন ওখানকার বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়।
ওয়াসার প্রধান প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক বলেন, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষের পথে। এই বছরই আশা করি, নগরবাসী পানি পাবেন। তখন তাঁদের অভিযোগও অনেকখানি কমবে। এ ছাড়া আরও দুটি পানি প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২০ সালের মধ্যে এ দুটির কাজও শেষ হয়ে যাবে।
উত্তর কাট্টলী, বাকলিয়া, লালখানবাজার, মতিঝর্ণা এলাকা, পতেঙ্গা, বন্দরটিলাসহ নগরের বেশ কিছু এলাকার সবখানে ওয়াসার পানির লাইন নেই। ওই সব এলাকার নিম্নবিত্ত লোকজনকে পানি নিয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়। মতিঝর্ণা এলাকার বাসিন্দা রোকসানা বেগম বলেন, ‘এখানে ওয়াসার পানি নেই। নিজেদের গভীর নলকূপও নেই। প্রতিদিন পানি কিনে ব্যবহার করি। গরমের সময়ে গোসল, কাপড় ধোয়ার জন্য পানি বেশি লাগে। কিন্তু এত পানি কেনার সামর্থ্য ও সুযোগ কোনোটাই নেই। মাসে ৯০ টাকা দিয়ে দিনে পাঁচ কলসি পানি পাই।’