সংকট মোকাবিলার মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশ নেওয়া এই শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশ নেওয়া এই শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

৯ থেকে ১১ ফেব্রুয়ারি, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) প্রাঙ্গণে পা রাখলে আপনার দেখা হতো একদল ঝলমলে তরুণের সঙ্গে। ধোপদুরস্ত পোশাক, চোখমুখে তারুণ্যের দীপ্তি। এঁরা সবাই এক হয়েছিলেন ছায়া জাতিসংঘ সম্মেলন (এমইউএন) ২০১৭-এর আয়োজনে অংশ নিতে। তৃতীয়বারের মতো এইউডব্লিও এমউইএন ক্লাব এই সম্মেলনের আয়োজন করল। বিষয় ছিল ‘বহুমুখী জাতিসত্তা ও সংস্কৃতির সম্মিলনের মাধ্যমে উগ্রপন্থা রোধ’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নেন।
প্রথম দিনটির পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয় সংগঠনসংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে। অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এইউডব্লিও এমউইএন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাফিসা নাওয়াল, ক্লাবের উপদেষ্টা হারমেন স্যালটন এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিন অব ফ্যাকাল্টি রোসি বেটসন। শুভেচ্ছা বক্তব্যের পর একটি কর্মশালা পরিচালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইএমইউএনের সাবেক চেয়ারম্যান আহনাফ তাহমিদ। বিভিন্ন কমিটির সেশনের মধ্য দিয়ে সম্মেলনের প্রধান কার্যক্রম শুরু হয়। এই ধারাবাহিকতা বজায় ছিল বাকি দিনগুলোতেও। তরুণদের মতপার্থক্য কীভাবে বিভিন্ন জাতি তথা পুরো পৃথিবীকে দাঙ্গা-হাঙ্গামার দিকে ঠেলে দিচ্ছে এবং এ থেকে উত্তরণের পথ কী হতে পারে— এসব বিষয় উঠে আসে প্রতিনিধিদের আলোচনায়।
এবারের ছায়া জাতিসংঘ সম্মেলন বেশ সফল ছিল বলে মনে করেন এইউডব্লিও এমউইএন ক্লাবের প্রেসিডেন্ট এবং ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৭-এর মহাসচিব সামিহা সাহেল। তিনি বলেন, ‘আজকের তরুণ-তরুণীদের হাতেই আগামী দিনের উন্নয়নের চাবি। এ সময়ের সমস্যাগুলো চিহ্নিত করে, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে সুন্দর আগামীর স্বপ্ন বোনাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রেরণা দিয়েছে।’
সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং সম্মেলনের উপমহাসচিব মাহপারা মাশিয়াত বলেন, ‘এমউইএন কনফারেন্স এখন আর শুধু সাময়িক আনন্দ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জ্ঞানার্জনের একটা সফল মাধ্যমে পরিণত হয়েছে। বৈশ্বিক সংকট মোকাবিলায় আমাদের বয়সী তরুণদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ভাবতে শেখাচ্ছে এই ধরনের আয়োজন।’
আয়োজকদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিনিধিরাও বললেন তাঁদের ভালো লাগার কথা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ফাহিম উল হাসানের বক্তব্য, ‘গত বছরের আয়োজনকে ছাড়িয়ে গেছে এবারের সব আয়োজন। প্রতিটি সেশন খুব ভালো ছিল। এখানে এসে এমউইএন সম্পর্কে যেমন জেনেছি, তেমনি বিভিন্ন দেশের-বর্ণের মানুষের সঙ্গে পরিচিত হয়ে ব্যক্তিগতভাবেও খুব ভালো লেগেছে।’
আয়োজক, পরিচালক ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের ফল ‘এইউডব্লিও এমউইএন কনফারেন্স ২০১৭’। এ বছর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের একটি হোটেলের মিলনায়তনে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল ও ভিয়েতনাম থেকে আসা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সহযোগী ছিল প্রথম আলো।