সংকটে জর্জরিত সন্দ্বীপ সরকারি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপ সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ৪৫ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৭ জন। দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বেশ কয়েকটি বিভাগে প্রয়োজনীয় শিক্ষক নেই।জানা গেছে, কলেজের শিক্ষকদের আবাসিক সুবিধা থাকলেও নেই বিদ্যুৎ-সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা। এ কারণে পদায়নের পর শিক্ষকেরা বেশি দিন এ কলেজে থাকতে চান না বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষার্থী নেই। এ বিভাগের শিক্ষকেরা ঘন ঘন বদলি হয়ে চলে যান বলে অভিভাবকেরা শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে পড়াতে চান না। এ কারণে কলেজে স্নাতক স্তরে মানবিক ও বাণিজ্য বিভাগ চালু হলেও বিএসসি কোর্স চালু হয়নি এখনো।এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহীম বলেন, ‘বিজ্ঞান বিভাগে যেসব শিক্ষক যোগ দেন, তাঁরা এখানে বেশি দিন থাকেন না। এ কারণে উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী পাওয়া যায় না। বিএসসি কোর্সও এ কারণে খোলা সম্ভব হয়নি।’কলেজে দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের ছয়টি পদের সবকটিই শূন্য। তৃতীয় শ্রেণীর আটটি পদের মধ্যে আছেন মাত্র একজন। অফিস সহকারী ও হিসাবরক্ষকের পদটিও দীর্ঘদিন ধরে শূন্য। চতুর্থ শ্রেণীর ১৮টি পদের মধ্যে আছে মাত্র নয়জন। ইংরেজি, অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগে একজন করে শিক্ষক কর্মরত আছেন। অথচ এসব বিভাগে চারজন করে শিক্ষকের পদ রয়েছে। উচ্চমাধ্যমিকের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. আবু হানিফ জানান, হিসাববিজ্ঞান ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। এর ফলে পাঠদান সুষ্ঠুভাবে হচ্ছে না। শিক্ষকস্বল্পতার বিষয়ে প্রশ্ন করলে কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুর রহিম বলেন, ‘পাহাড়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ ভাতা পান। দ্বীপাঞ্চলে চাকরিজীবীরাও কম দুর্ভোগ পোহান না। অথচ এখানকার শিক্ষকদের জন্য কোনো বিশেষ ভাতা নেই। এই কলেজের শিক্ষকদের থাকার সুব্যবস্থা নেই। ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক-ব্যবস্থা থাকলেও নেই পানি ও বিদ্যুতের ব্যবস্থা। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে।’ জানা গেছে, গত ২০০৩ সালে কলেজের মূল ভবন নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত ২০১০ সালে নতুন ভবনে স্থানান্তরিত হয় কলেজের কার্যক্রম। তবে নতুন ভবন সেমিপাকা হওয়ায় কক্ষগুলোর টিনের ছাউনি দিয়ে পানি পড়ে। এ কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র, বই ও বিজ্ঞানাগারের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এ কারণে টিনশেড ভবনের স্থলে বহুতল ভবন নির্মাণ করা জরুরি বলে মনে করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজের বেশ কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, নতুন ক্যাম্পাসে কলেজ কার্যক্রম শুরুর পর ৪০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর স্থাপন করা হলেও তেলের অভাবে এটি এখনো চালু করা যায়নি।কলেজে শিক্ষকসংকট দূর করার পাশাপাশি দ্রুত অবকাঠামোগত সংস্কার করার দাবি জানান শিক্ষার্থীরা। এ ব্যাপারে স্থানীয় সাংসদ ও প্রশাসনের হস্তক্ষেপও জরুরি বলে তাঁরা মনে করেন।