সংকটে নেপাল
জটিল এক রাজনৈতিক সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে হিমালয়কন্যা নেপাল। এ থেকে শিগগিরই পরিত্রাণের সম্ভাবনা দেখা যাচ্ছে না। চার বছর আগে নবনির্বাচিত পার্লামেন্ট নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল নেপালের সাধারণ মানুষ। ভেবেছিল, নতুন একটি গণতান্ত্রিক সংবিধান হবে, বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার, যেখানে আদর্শ নিয়ে মতভেদ থাকলেও গণমানুষের স্বার্থ নিয়ে কোনো অনৈক্য থাকবে না। কিন্তু চার বছর পরও নতুন সংবিধান পায়নি তারা।নেপালের সামনে এখন সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জ হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করা এবং নতুন সংবিধানের খসড়া নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো।এক দশকের সশস্ত্র মাওবাদী বিদ্রোহের পর ২০০৬ সালে রাজা জ্ঞানেন্দ্রর পতনের মধ্যে দিয়ে নেপালে রাজতন্ত্রের একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটে। ২০০৮ সালে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের নির্বাচন হয়। এর মেয়াদ ছিল দুই বছর। কিন্তু আইনপ্রণেতারা সংবিধান প্রণয়নে একমত না হতে পারায় এর মেয়াদ বাড়িয়ে চার বছর করা হয়। কিন্তু তাও সংবিধানের খসড়া চূড়ান্ত হয়নি। গত ২৭ মে সম্প্রসারিত মেয়াদ শেষ হওয়ায় আপনা-আপনি গণপরিষদ অকার্যকর হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই তড়িঘড়ি নিজেকে একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলে ঘোষণা করেন। একই সঙ্গে আগামী নভেম্বর মাসে নতুন পার্লামেন্ট নির্বাচন হবে বলেও ঘোষণা দেন। কিন্তু বেঁকে বসেন দেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দলের একটি নেপালি কংগ্রেস পার্টির নেতা অর্জুন নরসিংহ। তিনি ঘোষণা করেন, বাবুরাম ভট্টরাইয়ের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তাঁর দল। নরসিংহ বলেন, ‘এই সরকার অবৈধ। ক্ষমতায় টিকে থাকার কোনো নৈতিক অধিকার নেই তাদের, নির্বাচনের আয়োজন করার মতো রাজনৈতিক বা নির্বাহী অধিকারও নেই। এই সরকারের পদত্যাগ করা উচিত।’তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে শীর্ষস্থানীয় একজন রাজনৈতিক নেতার এই মন্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতির ভঙ্গুর চিত্রই ফুটে উঠেছে। অথচ চার বছর আগে দেশটির পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই সময় নেপালে টানা এক দশকের মাওবাদী বিদ্রোহের অবসান ঘটেছে; বিলুপ্ত হয়েছে রাজতন্ত্র। পাহাড়ি দেশটি তখন বিশ্বের নতুন এক গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল-মতনির্বিশেষে সব নেতার মধ্যে তখন গণতন্ত্রপন্থী মনোভাব দেখা গেছে। তাঁদের আচার-আচরণে এটাই প্রকাশ পেয়েছিল যে দলের চেয়ে দেশ বড়। এখন পরিস্থিতি যেন ঠিক এর বিপরীত।প্রধান তিনটি রাজনৈতিক দলের নেতাদের মতপার্থক্য খুব বেশি। এ কারণেই সমস্যা সমাধানের বিষয়টি ক্রমে জটিল হয়ে উঠছে। নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির নেতারা এখন আর কিছুতেই বিশ্বাস করেন না মাওবাদী নেতাদের। মাওবাদীরাই এখন তত্ত্বাবধায়ক সরকারের হর্তাকর্তা। গণপরিষদ নির্বাচনেও সবচেয়ে বেশি আসন পেয়েছিলেন তাঁরা। এ কারণেই হয়তো উল্লিখিত দুই দলের নেতারা মনে করছেন, মাওবাদীদের অধীনে নির্বাচন হলে তা অবাধ ও নিরপেক্ষ হবে না। কাজেই তাঁরাও নতুন তত্ত্বাবধায়ক সরকারে থাকতে চাইছেন, যাতে মাওবাদীদের সঙ্গে নির্বাচন তত্ত্বাবধান করতে পারেন।কাঠমান্ডুর সেন্টার ফর কনটেম্পোরারি স্টাডিজের বিশেষজ্ঞ লোকরাজ বড়াল এই পরিস্থিতির জন্য রাজনীতিকদের ‘ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টাকে’ দায়ী করেছেন। তিনি বলেন, ‘এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। আমি কেবল একটি দলকে দোষ দেব না, সব দলের সব রাজনৈতিক নেতাই এর জন্য দায়ী। রাজনীতি নিয়ে তাঁরা এতই মশগুল যে সংবিধানের খসড়া নিয়ে ভাবেননি কেউ।’নেপালের রাজনীতিতে এখন সংবিধান প্রণয়ন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেপালকে গোষ্ঠীগত পরিচয়ের ভিত্তিতে ছোট ছোট রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির রাষ্ট্র করা হবে কি না, এ বিষয় থাকবে সংবিধানে। এটি করা হলে তুলনামূলকভাবে বড় সংখ্যালঘু কিছু গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতার অধিকারী হবে। মাওবাদীরা এবং বেশ কিছু ছোটখাটো সংখ্যালঘু রাজনৈতিক দল এ প্রস্তাবের সমর্থক। তাদের ভাষ্য, এতে শত শত বছর ধরে কোণঠাসা হয়ে থাকা সংখ্যালঘুরা তাদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পাবে।এ প্রস্তাবের বিরোধিতা করছেন নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির নেতারা। এই দল দুটি অভিজাত শ্রেণীর রাজনীতিকদের প্রতিনিধিত্ব করছে বলে ধরা হয়। দল দুটির নেতারা বলছেন, সংখ্যালঘুরা কেন্দ্রে আসার সুযোগ পেলে তা দেশের মাটিতে বিভেদের বীজ বুনে দেবে। তা ভবিষ্যতে দেশের অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।নেপালের এই সংকটময় পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা কার্টার সেন্টারের সারাহ লেভিট শোর বলেন, এর মধ্যে নেপালে অনেক ভালো কাজ হয়েছে। রাজনৈতিক দলগুলো অনেক বিষয়ে অভিন্ন অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় ক্ষমতায় কারা থাকবে, কেবল এই বিষয় তাদের মধ্যে সমঝোতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।নেপালি টাইমস পত্রিকার সম্পাদক কুন্দ দীক্ষিত বলেন, নেপালের মানুষ মনে করে, সংবিধানের খসড়ায় সময় লাগলেও শেষতক তা তাদের জন্য কল্যাণই বয়ে আনবে। মাহফুজার রহমান