লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের নাথপাড়ায় সত্তরের দশকে একসময় প্রতিটি ঘরে ছিল তাঁতশিল্প। কালের বিবর্তনে এ তাঁতশিল্পের জায়গায় স্থান করে নেয় পাটি বুননশিল্প। তবে বেত ও পাটিপাতা কমে যাওয়ায় এবং কারিগরদের মজুরি কম হওয়ায় বর্তমানে সংকটে পড়েছে এই শিল্প। সরেজমিনে দেখা যায়, বর্তমানে প্রায় নাথপাড়ার ৪৪২টি পরিবার পাটি বুননের সঙ্গে জড়িত। একসময় এ এলাকার খাল, পুকুর, জলাশয় ও কৃষি জমির আলে প্রচুর বেত ও পাটিপাতা জন্মালেও এখন তা দুর্লভ হয়ে উঠেছে। এলাকাবাসী জানান, জলাশয় ভরাট হওয়া, কৃষি জমি কমে যাওয়া এবং নির্বিচারে গাছ কাটার কারণে বেতবন হারিয়ে যাচ্ছে। লোহাগাড়া সদর থেকে ১০ কিলোমিটার দূরে কলাউজান এলাকার নাথপাড়ার অধিকাংশ পরিবার হতদরিদ্র। এলাকার পুরুষেরা কৃষিকাজসহ অন্যান্য দিনমজুরের কাজ করেন। গ্রামের নারীরা পরিবারে সচ্ছলতা আনার জন্য দীর্ঘদিন ধরে পাটি বুননের কাজ করছেন। কিন্তু কাঁচামালের অভাব ও উৎপাদিত পণ্যের ভালো দাম না পাওয়ায় সচ্ছলতার মুখ দেখছেন না তাঁরা। পাটির কারিগরেরা জানান, একটি শীতল পাটি তৈরি করতে কমপক্ষে চার দিন সময় লাগে। তবে এ জন্য মজুরি মেলে মাত্র ১০০ টাকা। অথচ বাজারে এ পাটি বিক্রি হয় ৩০০ থেকে ৪০০ টাকায়।পূর্ণিমা দেবনাথ জানান তার তিন ছেলে দুই মেয়ে রয়েছে। তিনি ব্র্যাক ও গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধের জন্য নিজে ও মেয়ে দুটিকে নিয়ে পাটি তৈরি করেন। তবে পাটি বুনে যা আয় হয়, তা দিয়ে ঋণের টাকা পরিশোধ করা কষ্টকর হয়ে দাঁড়ায়।জানা যায় এখানকার তৈরি পাটি কক্সবাজার, চকরিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন বাজারে বিক্রি হয়। স্থানীয় লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ বলেন, সরকারি বা বেসরকারি পর্যায়ে পাটি বুননের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাহায্য করলে এলাকার প্রায় চার শতাধিক পরিবারের ভাগ্য পরিবর্তন করা যাবে।স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ. ওয়াহেদ বলেন, ‘লোহাগাড়ায় রয়েছে প্রচুর পাহাড়। এসব পাহাড়ে বেত রোপণ করলে পাটি বুননকারীরা কম মূল্যে বেত কিনে পাটি তৈরি করতে পারবেন। এ ছাড়া সরকারিভাবে স্বল্প সুদে ঋণ দানের ব্যবস্থা করলে ও সমবায় পদ্ধতি চালু করলে লাভবান হবেন পাটি বুননশিল্পিরা।’নাথপাড়ার অধিবাসীরা জানান, আগে চার শতকের একটি বেতবাগানের বেত কিনতে প্রয়োজন হতো দুই হাজার টাকা। এখন সে বেত কিনতে খরচ হয় ১০ হাজার টাকা। পাটি বুননকারীদের মজুরি না বাড়লেও বেড়েছে কাঁচামালের দাম। লোহাগাড়া উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. শফি উদ্দিন বলেন, সরেজমিন পরিদর্শনের মাধ্যমে পাটিবুনন শিল্পীদের সরকারি ঋণ সহায়তা দেওয়া হবে।লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, লোহাগাড়ার গ্রামীণ এ শল্পটি বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি বা বেসরকারি আর্থিক সহযোগিতা। এতে এলাকায় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটবে।