
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ম মেনে যেকোনো ওয়ার্ডে ঢুঁ দিতে পারেন। তবে জরুরি বিভাগের করিডর দিয়ে একটু এগিয়ে সামনে গেলেই সেই হোঁচট খেতে হবে। কাচের দরজার ওপরে লেখা: ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’। সেখানে ঢুকতে গেলে বাধে বিপত্তি। সেখানকার নিরাপত্তাকর্মীরা পাহাড়ের মতো সামনে আগলে দাঁড়ান। সাংবাদিক বা অন্য পরিচয়েও কোনো কাজ হয় না। সেখানে শুধু সেবা নিতে আসা রোগীর আত্মীয়রা ঢুকতে পারবেন। অন্যদের বেলায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্র লাগবে।
অনুমতিপত্র দিয়ে শুধু অফিস কক্ষ পর্যন্ত যাওয়া যাবে। কোনো অবস্থাতেই যাঁরা সেবা নিতে এসেছেন, তাঁদের কাছ পর্যন্ত যাওয়া যাবে না। টেলিফোন করলেও সেবাপ্রার্থীদের সম্পর্কে তথ্য মিলবে না। মনে প্রশ্ন জাগতেই পারে, কেন এত কড়াকড়ি?
এর উত্তরে ঢাকা ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে যারা সেবা নিতে আসে, আমরা তাদের পরিচয় গোপন রাখা, কাউন্সেলিং ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।’
নির্যাতনের শিকার নারী ও শিশুদের এক ছাতার তলে বিনা মূল্যে সমন্বিত সেবা দিচ্ছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত মোট আটটি ওসিসি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিও সে ধরনের একটি কেন্দ্র। হাসপাতালে ভর্তির পর বিভিন্ন প্রটোকল মেনে ওসিসিতে গেলেই মিলবে স্বাস্থ্যসেবা, আইনি সেবা, পুলিশি সহায়তা, কাউন্সেলিং, সমাজে পুনর্বাসনসহ নানান সেবা।
২০০১ সালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রকল্পের পাইলট পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয় ওসিসি। এরপর রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ফরিদপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি যাত্রা শুরু করে। নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রকল্পের পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরে (চলতি বছরের জুলাই পর্যন্ত) নির্যাতনের শিকার ২৩ হাজার ২৮১ জন নারী ও শিশু এসব কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সেবা নিয়েছে। মোট মামলা হয়েছে ৫ হাজার ১৮৩টি। বিচার শেষ হয়েছে ৮৫৪টি মামলার। শাস্তি কার্যকর হয়েছে ১০৫ জনের।
এক নজরে ঢাকার ওসিসি
গত ৪ আগস্ট মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ঢাকার ওসিসি পরিদর্শনে যান। এই প্রতিবেদকের তখন সুযোগ মেলে ওসিসির ভেতরে ঢোকার। দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। আটটি শয্যা। মাসে এখান থেকে গড়ে ৫০ জন করে সেবা নিচ্ছেন। এ ছাড়া যাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই, কিন্তু আইনি সহায়তা, কাউন্সেলিংসহ বিভিন্ন সহায়তা দরকার, তাঁদের জন্য আছে আউটডোর সেবা। সেখানেও মাসে ৬০ থেকে ৭০ জন সেবা নিচ্ছেন।
গত সপ্তাহে মোট সাতজন ভর্তি ছিলেন। ধর্ষণের শিকার চার ও ১৪ বছর বয়সী দুজন শিশু ছিল। পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরে (চলতি বছরের জুলাই পর্যন্ত) ৫ হাজার ৪৯১ জন ঢাকার এই কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন। নারী ৩ হাজার ৬৫৮ জন ও শিশু ১ হাজার ৮৩৯ জন ছিল। এর মধ্যে শারীরিক নির্যাতনের (বিশেষত স্বামীর হাতে) শিকার নারীর সংখ্যা বেশি। এ নির্যাতনও বেশির ভাগ ক্ষেত্রে হয়েছে যৌতুকের কারণে। এর পরেই আছে যৌন নির্যাতন। এ ধরনের নির্যাতনে সেবা নিয়েছেন ১ হাজার ৯০৯ জন। এ ক্ষেত্রে চিত্র খানিকটা ভিন্ন। ১ হাজার ৩৫০ জন ধর্ষণের শিকার শিশু কেন্দ্র থেকে সেবা নেয়। ধর্ষণের শিকার নারীর সংখ্যা ছিল সাড়ে ৫০০। নির্যাতনের ফলে দগ্ধ বা পোড়া রোগীর সংখ্যা ছিল ২২৮ জন (নারী ১৪১ ও ৯০ শিশু)।
দেশব্যাপী নির্যাতনের শিকার নারী ও শিশু স্বাস্থ্যসেবা নিচ্ছে। আইনি সহায়তার জন্য প্রাথমিক পর্যায়ে আইনের আশ্রয়ও নেয়।
কিন্তু বিচারের দীর্ঘসূত্রতা, আসামিপক্ষের হুমকিতে একপর্যায়ে আপস করে ফেলে। ঢাকা ওসিসির পরিসংখ্যানেও তা দেখা যায়। পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরে সাড়ে পাঁচ হাজার নারী ও শিশু সেবা নিতে এলেও মামলা হয়েছে মাত্র ২ হাজার ২১টি। বিচার শেষ হয়েছে ৩১০টি মামলার। শাস্তি কার্যকর হয়েছে ৪৪ জনের। দুই পক্ষের মধ্যে আপস হয়ে গেলে সেই ঘটনাগুলো ওসিসির নজরের বাইরে চলে যাচ্ছে। ফলে তার কোনো পরিসংখ্যান নেই। আটটি কেন্দ্রের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকার ওসিসিতে সেবা নিতে আসা নারী ও শিশুদের আইনি সেবা পাওয়ার চিত্র অন্যান্য কেন্দ্র থেকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে।
সেবাপ্রাপ্ত ও পরিবারের কথা
মে মাসে রাজধানীতে মাইক্রোবাসে এক গারো তরুণী ধর্ষণের শিকার হলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। সেই তরুণী ঢাকা ওসিসি থেকে সেবা নেন। এখন তিনি শারীরিক ও মানসিকভাবে বেশ ভালো আছেন বলে জানালেন তাঁর বোন।
ওই তরুণীর বোন বলেন, ঘটনার পর গণমাধ্যমের চাপ, ডিএনএ টেস্টসহ নানান পরীক্ষা, আইন-আদালতে দৌড়ানোসহ বলতে গেলে সব ধরনের চাপই সামাল দিয়েছে ওসিসি। যৌতুকের কারণে স্বামীর হাতে চরম নির্যাতনের শিকার রুবিনা আহমেদ ওসিসিতে সেবা নেন ২০০৬ সালে। রুবিনা বলেন, ‘ওসিসি পাশে না থাকলে এই লড়াই করা আমার পক্ষে সম্ভব হতো না। থানার পুলিশের কাছে গেলে টাকা ছাড়া কোনো কথা বলে না। এখান থেকে আমি বিনা মূল্যে সব ধরনের সেবা পেয়েছি। ওসিসি থেকে আসার সময় আমাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়। ওই মেশিনের সঙ্গে ঘুরছে আমার জীবন। আইনি লড়াইয়ে স্বামী সাজা পেয়েছে। আমার পরিবারের সহায়তায় ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে ভালো আছি।’
ওসিসির সঙ্গে রুবিনার একধরনের বন্ধন তৈরি হয়েছে। সম্পর্কটি এখনো অটুট আছে। ওসিসির যেকোনো ধরনের অনুষ্ঠান, মিটিংয়ে ডাক পান তিনি।
ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম ওসিসির জনবল ও জায়গা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিলেন। এখানকার মামলাগুলো যাতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে, সেই দাবিও জানান তিনি।