সংকটে সংস্কারের জনক
সরকারের এ অবস্থার মধ্যে এহেন সব অজনপ্রিয় উদ্যোগ নেওয়া নিঃসন্দেহে ঝুঁকির ব্যাপার। কিন্তু মনমোহন সিংয়ের সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার সেই ঝুঁকিটা নিল। দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙা করতে তাদের সামনে আর বিকল্পও ছিল না হয়তো।বিশেষ করে খুচরা পণ্যের বাজারে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। ইউপিএ সরকার দেশের দুর্বল অর্থনীতিকে সবল করার কথা বলে বড় ধরনের যে সংস্কার প্রকল্প হাতে নিয়েছে, এফডিআই-সংক্রান্ত এই ঘোষণার মাধ্যমে তার বাস্তবায়ন শুরু হয়েছে। এখন থেকে বিশ্বের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভারতের খুচরা বাজারে সরাসরি বিনিয়োগ করার সুযোগ পাবে।খুচরা বাজারে এফডিআই নিয়ে আগে থেকেই বিরোধিতা ছিল। জ্বালানি তেলের দাম বাড়ানোও আমজনতার কাছে সব সময়ই অপছন্দনীয়। প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই তাই বাধার মুখে পড়ে এই সংস্কার উদ্যোগ। বিরোধী দলগুলো তো বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেই, খোদ জোট সরকারের মধ্যে ধরেছে ফাটল। ইউপিএর অন্যতম প্রভাবশালী শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জোট থেকে সরে গেছে। এতে ইউপিএর প্রধান দল কংগ্রেসকে এখন মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির মতো অন্য আঞ্চলিক দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে। তবে সংস্কারের সূত্র ধরে এই সমর্থনেও চিড় ধরতে পারে বলে অভিজ্ঞজনেরা আশঙ্কা করছেন। এতে ২০১৪ সালের মাঝামাঝি পরবর্তী নির্বাচনের আগেই বর্তমান সরকার অনাস্থা ভোটের মুখে পড়তে পারে। হতে পারে আগাম নির্বাচন।গত শতকের নব্বই দশকের শুরুতে ভারতের অর্থনীতির উদারীকরণের সূচনার জন্য সুপরিচিত মনমোহন তাঁর এবারের সংস্কারের ব্যাপারেও দৃঢ়সংকল্প। চলতি পরিকল্পনাকে সমর্থন করে জানান, অর্থনীতিকে চাঙা করতে এ সংস্কার জরুরি। এই সংস্কার প্রকল্প ‘সুপার মার্কেট জায়ান্ট’ বলে পরিচিত বড় বড় বিদেশি কোম্পানিগুলোকে ভারতের বাজারে ব্যাপক বিনিয়োগের সুযোগ করে দেবে। ওয়ালমার্ট ও টেসকোর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলো ভারতের খুচরা বাজারে ৫১ শতাংশ পর্যন্ত শেয়ার কিনতে পারবে। স্থানীয় শ্রমিক সংগঠনগুলো এর মধ্যে সরকারের এ সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছে। অনেকে কর্মহীনতার আশঙ্কা করছে। আবার কিছু বিপরীত মতও আছে।মনমোহন বলেছেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। টাকা গাছে ধরে না। কাজেই আমাদের এসব সিদ্ধান্ত নিতে হবে।’অর্থমন্ত্রী পি চিদাম্বরমও বলেছেন, সংস্কারকে এগিয়ে নিতে বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ বাড়াতে হবে। বলবৎ করতে হবে টেকসই কর আইন। এ জন্য আরও পদক্ষেপ নিতে হবে। বাণিজ্যবিশ্লেষক প্রসেনজিৎ দত্ত এ বিষয়ে বলেন, মনমোহন সিং অর্থনীতির বিষয়টা খুব ভালো বোঝেন। অর্থনীতির বিষয়ে তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা এ মুহূর্তে খুব প্রয়োজন। কিন্তু এ সিদ্ধান্তের কারণে সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। তাদের এক শরিক (অর্থনীতি সম্পর্কে যাদের জ্ঞান খুব কম) ১৯টি আসন নিয়ে চলে গেছে। এখন সরকার যদি অন্যান্য শরিকের সমর্থন নিয়ে টিকেও যায়, পরবর্তী সময়ে ওই শরিকেরা তাদের স্বার্থ নিয়ে কথা বলবে। সে ক্ষেত্রে ছাড় দিতে গেলে প্রধানমন্ত্রী কোণঠাসা হবেন। এফডিআই নিয়ে প্রসেনজিৎ দত্ত জানান, এটি বেশির ভাগ রাজনৈতিক দলগুলোর জন্য আবেগ জাগানোর মতো বিষয়। তারা মনে করছে, দেশের খুচরা বাজারে বড় বড় বিদেশি প্রতিষ্ঠান পুঁজি খাটালে তা হাজার হাজার দেশি ক্ষুদ্র ব্যবসায়ীর অস্তিত্ব বিপন্ন করে তুলবে। স্থানীয় খুচরা (রিটেইল) বিক্রির চেইন শপগুলোও এতে ক্ষতিগ্রস্ত হবে।আরেক বিশ্লেষক প্রাঞ্জল শর্মা বলেন, ‘খুচরা বাজারে এফডিআই নিয়ে পক্ষ-বিপক্ষের মধ্যে অনেক কথা বলা হয়েছে। আমি শুধু বলব, প্রতিটি পরিবর্তনের ক্ষেত্রে বিরোধিতা হয়। কয়েক দশক আগে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যখন কম্পিউটারের কাজ শুরু হয়, তখন অনেকেই এই প্রযুক্তি গ্রহণ করতে পারেননি। অপেক্ষাকৃত সচ্ছল ভারতীয় ভোক্তা আর ব্যবসায়ী সমাজের একাংশ ওয়ালমার্ট বা টেসকোর আবির্ভাবে সমস্যা দেখেন না। উচ্চবিত্ত ক্রেতারা অনেকেই প্রতিযোগিতামূলক দামে আন্তর্জাতিক মানসম্পন্ন নিত্যপণ্য কেনার সম্ভাবনায় পুলকিত। কিন্তু বিশ্লেষকদের অভয়বাণী উদ্বিগ্ন ছোট ও মাঝারি দোকানিদের কতটা আশ্বস্ত করবে, তা বলা কঠিন। পাশ্চাত্যে ওই সব জায়ান্টরা সুবিশাল খুচরা ব্যবসা শুরু করায় পাড়ার অনেক টম বা হ্যারি সাহেবের মুদি দোকানের অবস্থা যে কত করুণ (বহু ব্যবসা উঠেই গেছে), তা এই বিশ্বায়নের যুগে এখানেও খুব অজানা নয়।প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কট্টর অবস্থান নিয়েছে খুচরা ব্যবসায় এফডিআই বাস্তবায়নের বিরুদ্ধে। বিজেপি নেতা সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা মনে করিয়ে দিয়েছেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের সময় এফডিআইয়ের বিষয়ে লোকসভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেসের নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সী। বিজেপির নেতা অরুণ শৌরি তখন সবাইকে আশ্বস্ত করেছিলেন, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যশবন্তের প্রশ্ন, ২০০২ সালে যে জিনিসটি কংগ্রেসের কাছে জাতীয় স্বার্থবিরোধী ছিল, আজ তার বাস্তবায়ন দেশপ্রেমিকের কাজ হবে কেন?সাবেক অর্থমন্ত্রী যশবন্তের মতে, খুচরা বাজারে এফডিআইয়ের এই প্রক্রিয়ার ভেতর এত ফাঁকফোকর রয়েছে যে বড় আন্তর্জাতিক কোম্পানি শেষতক আসবে কি না সন্দেহ। তিনি জানান, ওয়ালমার্ট জানিয়েছে, ভারতের খুচরা বাজারে আসতে তাদের ১৮ মাসের মতো লাগবে। এর মধ্যে রাজস্থান ও দিল্লির নির্বাচন হয়ে যাবে। যদি রাজ্য সরকার বদল হয়ে যায়, সে ক্ষেত্রে এসব রাজ্যের খুচরা বাজারে আসতে ওয়ালমার্টের মতো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশয়ে ভুগবে।বিজেপির অরুণ শৌরি অবশ্য মনমোহনকে সমর্থন করে জানিয়েছেন, এফডিআই নিয়ে অযথাই হইচই হচ্ছে। মনমোহনের এ পরিকল্পনা বাস্তবায়নে আসলে লাভ বা লোকসান কিছুই হবে না। সত্যিই, ভারতে অনেকেই মনে করছেন, খুচরা বাজার চট করে বিদেশি চেইন কোম্পানিগুলোর দখলে চলে যাবে, এ আশঙ্কা ক্ষীণ। ভারতের লোকজন এখনো খুচরা কেনাকাটা ধারেকাছের চেনাজানা দোকান থেকে সারতে অভ্যস্ত। ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠান সাধারণ ক্রেতাদের কতটা আকৃষ্ট করতে পারবে, তা দেখার বিষয়।মনমোহনের সংস্কার কর্মসূচির দিকে তর্জনী তাক করে বিরোধী দলগুলো সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে, এই সংস্কারের মূলে রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের খুশি করার চেষ্টা। একই সঙ্গে গরিব মেরে ধনকুবেরদের ধামা ধরা। এই কর্মসূচির মধ্যে দরিদ্রবান্ধব কিছু নেই। এই সমালোচনা বন্ধ করতে এরই মধ্যে সরকার আরও কিছু প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে বিপর্যস্ত গণপরিবেশনব্যবস্থায় দুই ধাপে চার হাজার ২০০ কোটি রুপি বিনিয়োগ। এই প্রকল্পে গরিবদের জন্য রেশনব্যবস্থার উন্নয়ন করা হবে। একই সঙ্গে শিশু উন্নয়নবিষয়ক একটি বিশেষ প্রকল্পে সরকার আরও এক লাখ ২৫ হাজার কোটি রুপি যোগ করছে। তিন বছরে জাতীয় স্বাস্থ্য প্রকল্পে সরকার ৪০ হাজার কোটি রুপি ব্যয় করবে। এসব প্রকল্প মূলত দরিদ্রসহ সাধারণ মানুষের জন্য। সরকার দাবি করছে, তাদের হাতে এমন বেশ কিছু সংস্কার প্রকল্প রয়েছে, যা আমজনতার স্বার্থ পূরণ করবে।